রাতারগুল বিট কর্মকর্তাকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের রাতারগুলে ইজারার আগেই একটি জলাভূমির দখল ইজারাদারপক্ষকে বুঝিয়ে দেওয়ার অভিযোগে বন বিভাগের রাতারগুল বিট কর্মকর্তা নজরুল ইসলাম দেওয়ানকে প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে গত বুধবার তাঁকে প্রত্যাহার করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, রাতারগুলের একটি জলাভূমি ইজারা দেওয়ার প্রক্রিয়া চলাকালে বিট কর্মকর্তা নজরুল গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমউদ্দিনকে এর দখল বুঝিয়ে দেন। নাজিমউদ্দিন গত শুক্রবার রাতারগুল প্রবেশের খৈয়ারখালে বাঁশের আড় দিয়ে বাঁধ দেন। বাঁধের কারণে নদী দিয়ে পর্যটকদের চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা এর প্রতিবাদ জানান। তাঁরা ওই এলাকায় সমাবেশ করে ২৪ ঘণ্টার মধ্যে বাঁধ সরানোর দাবি জানান। বিভাগীয় বন কর্মকর্তার দপ্তর থেকে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে ইজারাদারপক্ষের সঙ্গে বিট কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। গত মঙ্গলবার নাজিমউদ্দিনের লোকজনকে দিয়েই নদীর বাঁধ পুরোপুরি সরানো হয়। পরে বিট কর্মকর্তা নজরুলকে প্রত্যাহার করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া প্রথম আলোকে বলেন, নদীতে বাঁধ দেওয়ার বিষয়টি বিট কর্মকর্তা গোপন রেখেছিলেন। এ কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে অন্যত্র বদলি করা হবে।