রাতারগুল রক্ষায় অস্থায়ী কেন্দ্র স্থাপন করে 'গণ-আবেদন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জলার বন রাতারগুল রক্ষায় গতকাল বৃহস্পতিবার সুরমা নদীর তীরে একটি অস্থায়ী কেন্দ্র স্থাপন করে দিনভর ‘গণ-আবেদন’ দাখিল করেছেন পরিবেশবাদী সংগঠনের তরুণেরা।
রাতারগুলে বন বিভাগের পর্যবেক্ষণ টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে ‘ভূমিসন্তান বাংলাদেশ’ নামে স্থানীয় একটি পরিবেশবাদী সংগঠন এ কর্মসূচি পালন করে। পাশাপাশি সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে মন্ত্রণালয় ও প্রধান সংরক্ষক বরাবর গণ-আবেদন দাখিল করে তারা।
নগরের তোপখানা এলাকায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে গত বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী প্রায় এক হাজার গণ-আবেদন দাখিল করা হয়। গতকাল সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিন বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরের সামনে সুরমা নদী তীরে গণ-আবেদন জমা দেওয়ার একটি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়।
ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর জানান, অস্থায়ী কেন্দ্র থেকে গণ-আবেদন দাখিল কর্মসূচি অব্যাহত রাখা হবে। পাশাপাশি রাতারগুলে অবকাঠামো নির্মাণকাজ বন্ধ করার দাবির পক্ষে প্রচারণা অব্যাহত রাখা হবে।
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন। নদী ও হাওরবেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর আয়তনের পুরো এলাকা প্রকৃতিপ্রেমীদের কাছে সিলেটের ‘সুন্দরবন’ নামে পরিচিত। ১০ এপ্রিল প্রথম আলোয় ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে পরদিন মানববন্ধন করে প্রকল্পকাজ বন্ধের দাবি জানিয়ে আন্দোলনে নামে পরিবেশবাদী সংগঠনগুলো।