রাতারগুল রক্ষায় এবার 'গণ-আবেদন'
সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সারিবদ্ধভাবে একদল ঢুকছে, অন্য একটি দল দপ্তরের সামনে বসে করছে কর্মসূচিতে একাত্ম হতে সর্বসাধারণকে উদ্বুদ্ধ করার কাজ। কর্মসূচির নাম‘গণ-আবেদন’।
সিলেটের জলার বন রাতারগুলে বন বিভাগের পর্যবেক্ষণ টাওয়ারসহ অবকাঠামো নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ করতে স্থানীয় বন বিভাগের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ‘গণ-আবেদন’ নামের সপ্তাহব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার এ কাজ শুরু করেছে ‘ভূমিসন্তান বাংলাদেশ’ নামের পরিবেশবাদী সংগঠন।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কাছে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ১০২টি গণ-আবেদন দাখিল করা হয়। সপ্তাহব্যাহী এ কর্মসূচিতে হাজারের বেশি গণ-আবেদন দাখিল করে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচিকে আরও জোরালো করার কথা জানিয়েছেন সংগঠকেরা।
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন (সোয়াম্প ফরেস্ট)। নদী ও হাওরবেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর আয়তনের পুরো এলাকা প্রকৃতিপ্রেমীদের কাছে ‘সিলেটের সুন্দরবন’ নামে পরিচিতি হয়ে ওঠে৷ বন বিভাগ প্রস্তাবিত জাতীয় উদ্যান পরিকল্পনায় রাতারগুলে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার, রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ গত জানুয়ারি থেকে শুরু করে।
সংরক্ষিত বন এলাকায় এসব অবকাঠামো নির্মাণে বনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে সিলেটে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) পরিবেশবাদী সংগঠনগুলো আপত্তি তোলে। পরিবেশ ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় ‘রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি’।
১০ এপ্রিল প্রথম আলোয় ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে পরদিন মানববন্ধন করে প্রকল্পকাজ বন্ধের দাবি জানিয়ে আন্দোলনে নামে পরিবেশবাদী সংগঠনগুলো।
২২ এপ্রিল সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ‘বনকে বনের মতো থাকতে দাও’—আহ্বান জানিয়ে আমরণ অনশন করেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। অনশনের মুখে বন বিভাগ রাতারগুলে টাওয়ারসহ যাবতীয় নির্মাণকাজ আপাতত বন্ধের ঘোষণা দেয়।
এ ঘোষণার পর প্রকল্পকাজ বন্ধ থাকলেও সম্প্রতি কাজ শুরুর চেষ্টা করে বন বিভাগ। গত ২২ জুন ‘ভূমিসন্তান বাংলাদেশ’ নামের পরিবেশ সংগঠনের নেতারা শোভাযাত্রা করে নগরের তোপখানা এলাকায় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তার কার্যালয় ফটকে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে রাতারগুলে প্রকল্পকাজ স্থায়ীভাবে বন্ধ করতে বন বিভাগকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। গতকাল এ সময় পার হওয়ার পর ‘গণ-আবেদন’ কর্মসূচির সূচনা করে সংগঠনটি।
সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক শুভেন্দু ইমামের স্বাক্ষর করা গণ-আবেদন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করে কর্মসূচির সূচনা করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, অ্যাসিড-সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি হাসান আহমদ প্রমুখ গণ-আবেদন পর্যায়ক্রমে দাখিল করেন।
‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর সমন্বয়ক আশরাফুল কবীর বলেন, ‘রাতারগুলে অবকাঠামো নির্মাণ স্থায়ীভাবে বন্ধ করতে সিলেটের বন বিভাগ স্থানীয়ভাবে কিছু করতে পারবে না জেনে আমরা প্রধান বন সংরক্ষক বরাবর গণ-আবেদন দাখিল করেছি। প্রতিটি আবেদনপত্র যথারীতি বন বিভাগের দাপ্তরিক শাখায় সিলযুক্ত করে জমা দেওয়া হয়েছে।’
ডিএফও মো. দেলোয়ার হোসেন গণ-আবেদনগুলো সংশ্লিষ্ট শাখার মাধ্যমে গ্রহণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি৷