রাতারগুল রক্ষায় 'গণ-ইমেইল' কর্মসূচি

সিলেটের জলার বন রাতারগুল রক্ষায় এবার ‘গণ-ইমেইল’ কর্মসূচি শুরু করেছে সিলেটের পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কর্মসূচি শুরু করা হয়। এর আগে সপ্তাহব্যাপী ‘গণ-আবেদন’ কর্মসূচি পালিত হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের স্থান জলার বন রাতারগুল। চলতি বছর জানুয়ারিতে বন বিভাগ জাতীয় উদ্যান পরিকল্পনায় এখানে পর্যবেক্ষণ টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করে। বনের মধ্যে এসব স্থাপনা নির্মাণ বন্ধে সিলেটের পরিবেশবাদী সংগঠনের দাবির মুখে গত ২২ এপ্রিল পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখা হয়। কিন্তু সম্প্রতি বন বিভাগ অন্যান্য স্থাপনার নির্মাণকাজ শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে রাতারগুল রক্ষায় পরিবেশবাদী সংগঠনগুলোকে নিয়ে আন্দোলনে নেমেছে ভূমিসন্তান বাংলাদেশ। সংগঠনের উদ্যোগে মানববন্ধন, অবস্থান কর্মসূচি শেষে গত এক সপ্তাহে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাতারগুল রক্ষায় ‘গণ-আবেদন’ দাখিল করা হয়।
গতকাল বিকেল চারটা থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও প্রধান বন সংরক্ষকের দপ্তরের ই-মেইল ঠিকানায় গণ-ইমেইল প্রেরণ কর্মসূচি শুরু হয়েছে। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির শুরুতে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুর করিম কিম। গণ-ইমেইল কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন প্রাধিকারের সদস্যরা অংশ নেন।