রাতারগুলকে পর্যটন এলাকার স্বীকৃতির দাবি স্থানীয়দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত দেশের একমাত্র সোয়াম্প বন রাতারগুলকে পর্যটন এলাকা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা গতকাল শনিবার বন পরিদর্শন ও সভা করে এই দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রাতারগুলে মানুষের ঢল নামে। জনপ্রতিনিধি, প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, পরিবেশ আন্দোলনের কর্মীসহ বিভিন্ন উপজেলার লোকজন আসেন রাতারগুলে। এঁদের মধ্যে ছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ, জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী। তাঁরা সবাই উপজেলার ফতেহপুর ইউনিয়নের চিরিঙ্গি খেয়াঘাট থেকে নৌকা নিয়ে রাতারগুল বনে ঘুরে বেড়ান। তাঁদের অনেকের হাতে ছিল ব্যানার। এতে লেখা ছিল, ‘পরিবেশ রক্ষা করব, বিশ্বের বুকে রাতারগুলকে তুলে ধরব’।প্রত্যক্ষদর্শীরা জানান, বন পরিদর্শন শেষে স্থানীয় লোকজন রাতারগুলের কাছে মহেশখেড় মাঠে রাতারগুলের পরিবেশ রক্ষার দাবিতে আলোচনা সভা করেন। এতে বক্তারা বলেন, বিরল এ বনটি রক্ষার জন্য স্থানীয়দের পরিবেশ সচেতন হতে হবে। পর্যটকেরা যেন খাবারের প্যাকেট, পানির বোতল পানিতে না ফেলে; মাইক বাজিয়ে শব্দদূষণ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে পর্যটকেরা যেন নির্বিঘ্নে রাতারগুলের সৌন্দর্যও উপভোগ করতে পারে, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন তাঁরা।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ ইমরান আহমদ। এ ছাড়া বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী প্রমুখ।বন বিভাগের এই বিট গোয়াইনঘাট সদর থেকে বেশ দূরে হলেও সিলেট মহানগর থেকে অনেকটাই কাছে। প্রকৃতির অপার সৌন্দর্যের কারণে প্রতিদিন অনেক পর্যটক এখানে ছুটে আসে।