রাতারগুলে ঢোকার নদীতে বাঁধ দেওয়া হয় ইজারার আগেই
সিলেটের জলা-বনখ্যাত রাতারগুলে প্রবেশের নদী কৈয়ারখালে বাঁশের বাঁধ দেওয়ার বিষয়ে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এক নেতা দাবি করেছিলেন, তিনি জলাভূমি ইজারা নিয়েছেন। কিন্তু বাস্তবে বন বিভাগ ইজারা দেয়নি।গতকাল সোমবার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ‘রাতারগুল বন বিট’ নথি দেখে জলাভূমি ইজারা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইজারা না নিয়েই জলাভূমি দখল এবং নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার প্রস্তুতি শুরু করার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া।বন বিভাগ সূত্র জানায়, বিশ্বের ২২টি সোয়াম্প ফরেস্টের (জলা-বন) একটি রাতারগুল। প্রায় ৩৩১ একর আয়তনের পুরো এলাকা বন বিভাগ ১৯৭৩ সাল সংরক্ষিত ঘোষণা করে। রাতারগুলে একাধিক ছোট ছোট জলাভূমি রয়েছে। এগুলোর মধ্যে নদী ও খাল সংযোগ থাকা একটি জলাভূমি প্রতি দুই বছর অন্তর ইজারা দেওয়া হয়। গত বছর জলাভূমি ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও কোনো দরদাতা অংশ নেননি। এবার শুষ্ক মৌসুম সামনে রেখে ইজারার বিজ্ঞপ্তি দেওয়া হয়। ইজারা দেওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।সূত্র জানায়, নভেম্বরের শুরুতে ইজারাপ্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও সংরক্ষিত জলা-বন হওয়ায় একাধিক শর্ত সাপেক্ষে ওই ইজারা চূড়ান্ত করা হয়। এ বিষয়টি চলতি মাসে চূড়ান্ত হওয়ার কথা এবং নভেম্বরের প্রথম সপ্তাহে ইজারাদারকে জলাভূমি বুঝিয়ে দেওয়ার নির্দেশনা বিজ্ঞপ্তিতে ছিল। এ সুযোগে ইজারা নিতে আগ্রহী একটি পক্ষের হয়ে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমউদ্দিন নদীতে বাঁধ দিয়ে জলাভূমি দখলে নেন। গত শুক্রবার বিকেল থেকে রাতারগুলে প্রবেশের নদী কৈয়ারখালে বাঁশ পুঁতে বাঁধ দেওয়ার সময় নাজিমউদ্দিন নিজেকে জলাভূমির ইজারাদার বলে দাবি করেছিলেন।গতকাল তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইজারা না নিয়েই দখল করার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া প্রথম আলোকে জানান, ইজারা না নিয়েই এভাবে দখলপ্রক্রিয়া আইনত অপরাধ। এ ব্যাপারে সরেজমিন খোঁজ নিয়ে দখলদার পক্ষের বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।বাঁশের বাঁধ উচ্ছেদ: রাতারগুলে প্রবেশের নদীতে ছাত্রলীগের নেতার বাঁশের বাঁধ উচ্ছেদ করেছে বন বিভাগ। গতকাল বিকেলে বন বিভাগের রাতারগুল বিট কার্যালয়ের একটি দল বাঁধ উচ্ছেদ করে।বন বিভাগের রাতারগুল বিটের কর্মকর্তা মো. নজরুল ইসলাম দেওয়ান বাঁধ উচ্ছেদ করার বিষয়টি নিশ্চিত করেছেন।