রাতারগুলে নদীতে বাঁশের বাঁধ ২৪ ঘণ্টার মধ্যে উচ্ছেদের দাবি
সিলেটের জলা-বনখ্যাত রাতারগুলে প্রবেশে কৈয়রাখালে ছাত্রলীগের নেতার বাঁশের বাঁধ ২৪ ঘণ্টার মধ্যে উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল রোববার বিকেলে রাতারগুল যাওয়ার নৌঘাট মোটরঘাটবাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘গ্রামীণ সমাবেশ’ থেকে এ আহ্বান জানান এলাকাবাসীসহ পরিবেশবাদী সংগঠকেরা। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমউদ্দিনের নেতৃত্বে একদল জলমহাল ব্যবসায়ী রাতারগুল যাওয়ার পথে কৈয়ারখালে গত শুক্রবার বাঁশের বাঁধ দেন। এ বাঁধের কারণে রাতারগুল যেতে সরাসরি নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। বাঁধ উচ্ছেদের দাবিতে গতকাল এলাকাবাসীকে নিয়ে বাপা ‘গ্রামীণ সমাবেশ’ আয়োজন করে।প্রবীণ এলাকাবাসী আবদুন নূরের সভাপতিত্বে সমাবেশে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, প্রকৃতি ও পরিবেশ সংগঠক ব্লগার হাসান মুর্শেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহামঞ্চদ রিদওয়ান, বাঁধের কারণে রাতারগুল যেতে না পেরে ফিরে আসা দর্শনার্থী সোহাদ্য চৌধুরী ও এলাকাবাসীর পক্ষে শাহকামাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি হেলাল আহমদ বক্তব্য দেন। বক্তারা সংরক্ষিত বনাঞ্চলে জলমহাল ইজারা বাতিল করার আহ্বান জানিয়ে বলেন, ‘নদীতে বাঁধ দেওয়ার আইনি ভিত্তি ইজারাদার পক্ষের নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ এ বাঁধ উচ্ছেদ করা না হলে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁধ অপসারণ করবেন। এ সময় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে প্রশাসনই দায়ী থাকবে।’এদিকে গতকাল প্রথম আলোয় ‘রাতারগুলে প্রবেশের নদীতে ছাত্রলীগের বাঁশের বাঁধ!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান। তিনি ফোনে প্রথম আলোকে বলেন, জলমহাল ব্যবসায়ী হিসেবে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা নাজিমউদ্দিন ব্যক্তিগতভাবে এ বাঁধ দিয়েছেন। এতে ছাত্রলীগের স্থানীয় কোনো নেতা-কর্মীর সংশ্লিষ্টতা কিংবা ন্যূনতম সমর্থন নেই। ফরহাদ বলেন, নাজিম ব্যবসায়িক স্বার্থে ছাত্রলীগের নাম ব্যবহার করলে বিষয়টি সাংগঠনিকভাবে পর্যবেক্ষণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।