রাতারগুলে নির্মাণকাজ বন্ধের দাবি

সিলেটের জলার বন রাতারগুলে বন বিভাগের পর্যবেক্ষণ টাওয়ারসহ যাবতীয় অবকাঠামো নির্মাণের কাজ ফের শুরুর চেষ্টা করছে—এই অভিযোগ তুলে ওই কাজ স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে স্থানীয় একটি সংগঠন গতকাল রোববার সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে৷
গতকাল দুপুরে ‘ভূমিসন্তান বাংলাদেশ’ নামের পরিবেশবাদী তরুণদের নিয়ে গঠিত ওই সংগঠনের সদস্যরা শোভাযাত্রা নিয়ে এসে নগরের তোপখানা এলাকায় বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কার্যায়ের সামনে এক ঘণ্টা মানববন্ধন করে৷ কর্মসূচি চলাকালে ওই কার্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ ও সেখানে পুলিশ মোতায়েন করা ছিল৷
এ সময় সংগঠনটির সমন্বয়ক আশরাফুল কবীর রাতারগুলে বন বিভাগের প্রকল্প গুটাতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে এ ব্যাপারে বন বিভাগ সুস্পষ্ট কোনো ঘোষণা না দিলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল বিকেলে সিলেটের ডিএফও দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। সিলেট বন বিভাগের উত্তর রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদুল্লাহ বলেন, ‘আমার জানা মতে, রাতালগুলে কোনো নির্মাণকাজ শুরু হয়নি৷’
গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন৷ এর আয়তন ৫০৪ দশমিক ৫০ একর৷ বন বিভাগ গত জানুয়ারি থেকে এখানে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার, রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজ শুরু করে। গত ১০ এপ্রিল প্রথম আলোয় ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়৷
২২ এপ্রিল সিলেট ডিএফও কার্যালয়ের সামনে আমরণ অনশন করেন পরিবেশবাদী সংগঠনের নেতারা। অনশনের মুখে বন বিভাগ রাতারগুলে টাওয়ারসহ যাবতীয় নির্মাণকাজ আপাতত বন্ধের ঘোষণা দেয়।