রাতারগুলে নৌকাবাইচ নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবনসংলগ্ন চেঙ্গের খাল নদীতে নৌকাবাইচ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে রাতারগুল জলাবনের আশপাশের লোকজন। সংঘর্ষ এড়াতে রাতারগুল গ্রামবাসীর পক্ষে গ্রামের সোনা মিয়া গত বৃহস্পতিবার গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রাতারগুল জলাবনের (সোয়াম ফরেস্ট) পর্যটকদের সদর উপজেলার মঠরঘাট বাজারের দিকে নিয়ে যেতে নানামুখী অপতৎপরতা চালানো হচ্ছে। কারণ, পর্যটকেরা সিলেট থেকে সরাসরি সাহেব বাজার হয়ে মঠরঘাট বাজার থেকে রাতারগুল জলাবনে গেলে তাঁদের ব্যবসায়িক সুবিধা বাড়বে। এ লক্ষ্যে শনিবার (আজ) রাতারগুল থেকে চেঙ্গের খাল নদীতে নৌকাবাইচ করতে পোস্টার, ব্যানার, লিফলেট সাঁটানো হয়েছে। এ ছাড়া দুই দিন ধরে এলাকায় মাইকযোগে প্রচার চালানো হচ্ছে। অথচ রাতারগুল জলাবন পড়েছে গোয়াইনঘাট এলাকায়। তা ছাড়া নৌকাবাইচ নিয়ে রাতারগুল গ্রামবাসীর সঙ্গে সদর উপজেলার লোকজন কোনো কথাও বলেনি। এ পরিপ্রেক্ষিতে রাতারগুল গ্রামের লোকজনও নৌকাবাইচের আয়োজন করে।
মঠরঘাটের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মদরিছ আলী ও মঠরঘাট বাজার ব্যবসায়ী সমিতির সদস্য নুনু মিয়া রাতারগুল গ্রামের লোকজনকে নৌকাবাইচ বন্ধ করতে হুমকি দিয়েছেন। এই অবস্থায় গ্রামবাসী গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
নুনু মিয়া বলেন, ‘সিলেটের সুন্দরবন খ্যাত রাতারগুল জলাবন দেশের পর্যটন সম্পদ। একে রক্ষার দায়িত্ব আমাদের সবার। পর্যটকদের নিরাপদে, কম খরচে কম দূরত্বে সহজে রাতারগুল আসার রাস্তা হচ্ছে সিলেট থেকে সাহেব বাজার হয়ে মঠরঘাট বাজার। মঠরঘাট বাজারের পাশেই রাতারগুল জলাবন। কিছুদিন ধরে কিছু স্বার্থান্বেষী লোক রাতারগুলের পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছিল। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে আমরা রাতারগুলের জলাবনসংলগ্ন চেঙ্গের খাল নদীতে নৌকাবাইচের আয়োজন করি। কিন্তু রাতারগুলের সোনা মিয়া, হারিছ মিয়াসহ কয়েকজন শনিবার (আজ) একই সময়ে একই জায়গায় নৌকাবাইচের আয়োজন করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’
গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। গোয়াইনঘাট ও সদর উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান দেওয়া হবে।’