রাতারগুলে প্রবেশে বাধা, পর্যটকদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতারগুল জলাবনে মোটরঘাট রাস্তা দিয়ে পর্যটকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাতারগুলসংলগ্ন মোটরঘাট বাজারের লোকজন অভিযোগ করেন, গত শুক্রবার থেকে রাতারগুল গ্রামের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে নৌকা দিয়ে রাতারগুল জলাবনের প্রবেশমুখে অবরোধ দিয়ে রেখেছেন। তাঁদের কথা হলো, মোটরঘাট নয়, পর্যটকদের যেতে হবে রাতারগুল গ্রামের রাস্তা দিয়ে। এতে পর্যটকেরা ফিরে আসতে বাধ্য হচ্ছেন। তবে অভিযোগ পাওয়া গেছে, কোনো কোনো পর্যটকের কাছ থেকে ৪০০-৫০০ টাকা নিয়ে নৌকা প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
মোটরঘাট বাজারের ব্যবসায়ী জামাল মিয়া, মদরিছ আলী, আবদুর নূর ও নুনই মিয়া অভিযোগ করেন, কয়েক দিন ধরে রাতারগুল যাওয়ার সহজ রাস্তা মোটরঘাট দিয়ে পর্যটকদের যেতে বাধা দিচ্ছিলেন রাতারগুল গ্রামের কিছু লোক। তাঁরা মোটরঘাট আসার ত্রিমুখী রাস্তায় দাঁড়িয়ে পর্যটকদের মোটরঘাট রাস্তায় যেতে বাধা দিয়ে আসছেন। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে থানাসহ বিভিন্ন জায়গায় মোটরঘাট এলাকার পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়। কিন্তু অর্থমন্ত্রীর নির্দেশ অমান্য করে রাতারগুল গ্রামের কিছু ব্যক্তি মোটরঘাট দিয়ে পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে অন্য পথে ঘুরিয়ে যেতে বাধ্য করছিলেন।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার থেকে রাতারগুলের প্রবেশমুখে লাঠিসোঁটা নিয়ে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নৌকা দিয়ে অবরোধ করে রাখেন ওই এলাকার কিছু লোক। এ সময় যেসব পর্যটক তাঁদের ৪০০-৫০০ টাকা দিচ্ছেন কেবল তাঁদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
তবে অভিযুক্ত ব্যক্তিরা জানান, রাতারগুল গ্রামে যেহেতু রাতারগুল সোয়াম্প ফরেস্ট সেহেতু ভদ্রভাবেই পর্যটকদের সেই রাস্তাটি দেখাচ্ছেন।
রাতারগুল গ্রামের আমীর আলী বলেন, ‘শুক্রবার কিছু সমস্যা হয়েছিল। আজ (শনিবার) আমরা কাউকে বাধা দিইনি।’ গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খান জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।