রাতারগুলে প্রবেশের নদীতে ছাত্রলীগের বাঁশের বাঁধ!
সিলেটের জলা-বনখ্যাত রাতারগুলে প্রবেশমুখের নদীতে আড়াআড়ি বাঁশের বাঁধ দিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে একদল জলমহাল ব্যবসায়ী। সিলেট হয়ে রাতারগুলের প্রবেশমুখের নদী কৈয়ারখালে গত শুক্রবার বিকেলে এ বাঁধ দেওয়া হয়। এ কারণে গতকাল শনিবার থেকে দর্শনার্থীরা নৌকা নিয়ে সরাসরি বনে ঢুকতে পারছেন না। বাঁশের বাঁধ পর্যন্ত গিয়ে নৌকা বদল করে বনে ঢুকতে হচ্ছে। বনের একটি জলমহাল বন বিভাগ থেকে ইজারা নিয়ে মাছ আটকে রাখতেই নদীতে বাঁধ দেওয়া হয়েছে বলে জানা গেছে।সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। সিলেট নগর থেকে দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। রাতারগুলে প্রবেশে দুটো পথ রয়েছে। সিলেট সদর থেকে কৈয়ারখাল হয়ে যাওয়া সবচেয়ে সহজ। এ পথের কৈয়ারখালে বাঁধ দেওয়ায় শুক্রবার বিকেলে বেড়াতে যাওয়া অনেক দর্শনার্থী বিড়ম্বনার মধ্যে পড়েন। তাঁদের কেউ কেউ নৌকা ভাড়া নিয়ে সরাসরি বনে যেতে না পেরে ফিরে আসেন।শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, নদীতে শ্রমিক দিয়ে বাঁশের বাঁধ নির্মাণ চলছে। বাঁধ দেওয়ার কাজ নৌকায় করে তদারক করছিলেন গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমউদ্দিন। এ সময় প্রথম আলোর আলোকচিত্রী বাঁশের বাঁধের ছবি তুলতে চাইলে তিনি নিষেধ করেন। একপর্যায়ে পরনের কালো শার্ট দিয়ে মুখ ঢেকে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। গতকাল শনিবার রাতারগুল বেড়াতে যাওয়া একাধিক দর্শনার্থী জানিয়েছেন, শুক্রবার শুধু বাঁশ পোতা থাকলেও গতকাল সকাল থেকে বাঁশের সঙ্গে চাটাই দিয়ে বেড়া দেওয়া হয়েছে। সঙ্গে কারেন্ট জাল। মুঠোফোনে নাজিমউদ্দিনের সঙ্গে যোগযোগ করলে তিনি দাবি করেন, রাতারগুল বন বিট কার্যালয় থেকে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে প্রায় পাঁচ লাখ টাকায় দুই বছরের জন্য তিনি ওই জলাশয় ইজারা নিয়েছেন। তাঁর সঙ্গে জলমহাল ব্যবসায়ীদের একটি দলের অংশীদারি রয়েছে জানিয়ে নাজিম বলেন, মাছ শিকারের জন্য কৈয়রাখালে বাঁশের বাঁধ দেওয়া হয়েছে। জলাশয় বন্দোবস্ত নিয়ে নদীসীমায় বাঁধ দেওয়া ঠিক হচ্ছে কি না জানতে চাইলে নাজিম বলেন, নদী বন্দোবস্ত দেওয়া ঠিক হয়নি। কিন্তু জলাশয়ের মাছ রাখতে হলে তো নদী বন্ধ করতে হবেই। বন বিভাগের রাতারগুল বিট কর্মকর্তাকে জানিয়েই নদী বন্ধ করা হয়েছে বলে নাজিম জানান। বন বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বে মোট ২২টি সোয়াম্প ফরেস্টের (জলাবন) মধ্যে রাতারগুল একটি। চতুর্দিক নদী ও হাওর বেষ্টিত। এ বন বছরের সাত মাস থাকে পানিতে, অনেকটা জলে ভাসার মতো। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে ঘন বনাঞ্চল দেখা যায়। রাতারগুল বাংলাদেশের একমাত্র ‘সোয়াম্প ফরেস্ট’ হওয়ায় প্রায় ৩৩১ একর আয়তনের পুরো এলাকা বন বিভাগ ১৯৭৩ সালে সংরক্ষিত ঘোষণা করে। সংরক্ষিত বনাঞ্চলে জলাশয় হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ হাকিম চৌধুরী জানান, দিন দিন রাতারগুলে পর্যটক বাড়ছে। শুক্রবার দর্শনার্থীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। মৎস্য আহরণের জন্য বন বিভাগের বনের ভেতর জলাশয় ইজারা দেওয়ার প্রক্রিয়ায় তিনি বিসঞ্চয় প্রকাশ করেন। উপজেলা চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই বন সংরক্ষণ এবং পাশাপাশি পর্যটন এলাকা ঘোষণা করে সংরক্ষণ আরও মজবুত করা হোক।’ রাতারগুল বন বিটের কার্যালয়ে যোগাযোগ করে বিট কর্মকর্তা নজরুল ইসলাম দেওয়ানকে পাওয়া যায়নি। বিটে কর্মরত ব্যক্তিরা বন্দোবস্ত দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মুঠোফোনে একাধিকবার ফোন করলে নজরুল ইসলাম দেওয়ান রিসিভ করেননি। তবে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল বাশার মিয়া জানান, তিনি বিষয়টি জানেন না। জেনে পদক্ষেপ নেবেন। রাতারগুল পরিদর্শন করে ফেরা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, জলাশয় বন্দোবস্ত নিয়ে নদী শাসন কোনোভাবে আইনসিদ্ধ নয়। নদীতে বাঁধ দেওয়া সরাসরি আইন লঙ্ঘন। রাতারগুল এত দিন আড়ালেই ছিল। গণমাধ্যমের কল্যাণে উন্মোচিত হওয়ায় জলাবনের একটি সম্ভাবনা বাংলাদেশের সামনে এসেছে। বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে বন্দোবস্ত প্রক্রিয়া বন্ধ রাখতে হবে।