রাতারগুলে সম্প্রীতির নৌকাবাইচ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবনসংলগ্ন চেঙ্গের খাল নদীতে গতকাল শনিবার একই সময়ে দুটি পক্ষের নৌকাবাইচ করার কথা ছিল। এতে দেখা দেয় উত্তেজনা। একটি পক্ষ সংঘর্ষ এড়াতে থানায় লিখিত অভিযোগ পর্যন্ত করে। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন ও নৌকাবাইচের দুটি পক্ষের উদ্যোক্তাদের সমঝোতায় উভয় পক্ষ গতকাল একই সঙ্গে সম্প্রীতির নৌকাবাইচে অংশ নেয়।
‘রোটারি ক্লাব অব সিলেট গ্রিন’-এর উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। এতে দুই পক্ষের সিলেটের বিভিন্ন উপজেলার ২২টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই রাতারগুল এলাকার নারী, পুরুষ শিশুরা আসতে থাকে সিলেটের সুন্দরবন খ্যাত রাতারগুল জলাবনসংলগ্ন চেঙ্গের খাল নদীতীর মঠরঘাট বাজারে। বিকেল পাঁচটায় ১৫-১৬ হাজার স্থানীয় দর্শক ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের উপস্থিতিতে ওই এলাকায় প্রথমবারের মতো এ নৌকাবাইচ হয়।
নৌকাবাইচে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট গ্রিনের সভাপতি মো. রফিকুল ইসলাম, আবদুল মালেক, মইন উদ্দিন চৌধুরী, আবদুল মতিন প্রমুখ। দুটি পক্ষের মীমাংসা সম্পর্কে গোয়াইনঘাটের রাতারগুল গ্রামের ইব্রাহীম মিয়া ও আবদুস সালাম জানান, রাতেই রোটারি ক্লাবের গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি শেষ করে দেন। তাই পর্যটন এলাকা রাতারগুলের পরিবেশ স্বাভাবিক রাখতে সবাই মিলে নৌকাবাইচে অংশ নেওয়া হয়েছে।
মঠরঘাট এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মদরিছ আলী বলেন, ‘আমাদের মধ্যে এখন আর কোনো সমস্যা নেই। রাতারগুল ও মঠরঘাট গ্রামের লোকজন মিলেই অবশেষে নৌকাবাইচ সুন্দরভাবে শেষ করেছি।’
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুল ইসলাম জানান, গোয়াইনঘাট ও সদর উপজেলা প্রশাসন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধান দেওয়া হয়েছে। এ ছাড়া নৌকাবাইচ চলাকালে পুলিশ প্রশাসন সক্রিয় ছিল।