রাতারগুলে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি
পরিবেশ ধ্বংস করে সিলেটের জলার বন রাতারগুলে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা রাতারগুলে স্থাপনা নির্মাণ করে পরিবেশ ধ্বংস প্রচেষ্টার বিরোধিতা করেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্থাপনা নির্মাণ ও ধ্বংসের হাত থেকে দেশের একমাত্র জলার বন রাতারগুল রক্ষার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মত ব্যক্ত করেন তাঁরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমরা পর্যটনের বিরোধী নই, পরিবেশ ধ্বংস করার বিরোধী। রাতারগুলে স্থাপনা নির্মাণ করে পরিবেশ ধ্বংসের প্রচেষ্টার বিরোধিতা করছি আমরা।’
রাতারগুল প্রকল্পে বিদেশি অর্থায়নের বিষয়ে তিনি বলেন, আয়কর দাতা জনগণের মতামত নিয়ে আদৌ প্রকল্প গ্রহণ করা হয়েছে কি না, তা প্রশ্নসাপেক্ষ।
দাতাদের অর্থায়নের কথা শুনলে সরকারের অনেক দপ্তরের লোক হুমড়ি খেয়ে পড়ে বলে মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, জনগণকে প্রতারিত করে এ ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ করতে হবে।
রাতারগুল বনের মধ্যে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের বিরোধিতা করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা সি এম শফি সামি বলেন, ‘আমি দীর্ঘ দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম। আমি জানি, সীমান্ত রক্ষায়ও এত বড় টাওয়ার নেই।’ বন বিভাগের এই প্রকল্প পুনর্বিবেচনার জন্য তিনি পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, রাতারগুল বন হাজার বছর ধরে রয়েছে। কোনো টাওয়ার ছাড়াই সেটি রক্ষিত হয়েছে। টাওয়ার নির্মাণ ছাড়াই সেটি চলতে পারে।
মূল প্রবন্ধ পাঠ করেন বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম। এতে উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, যুগ্ম সম্পাদক শরীফ জামিল, ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামি প্রমুখ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুলকে ১৯৭৩ সালে বাংলাদেশের সংরক্ষিত সমৃদ্ধ জলার বন (সোয়াম্প ফরেস্ট) হিসেবে ঘোষণা করে বন বিভাগ। নদী ও হাওরবেষ্টিত এলাকাটি প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিতি হয়ে উঠলে বন বিভাগ প্রস্তাবিত জাতীয় উদ্যানের পরিকল্পনায় রাতারগুলে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ পরিকল্পনা শুরু করে।