রাতারগুলের 'খাড়া বিপদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের রাতারগুলে পাঁচ তলাবিশিষ্ট সেই ওয়াচ-টাউয়ার। এভাবে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখায় প্রতিদিন কয়েক শ দর্শনার্থী ঝুঁকি নিয়ে তাতে উঠছেন। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
সিলেটের রাতারগুলে পাঁচ তলাবিশিষ্ট সেই ওয়াচ-টাউয়ার। এভাবে উন্মুক্ত অবস্থায় ফেলে রাখায় প্রতিদিন কয়েক শ দর্শনার্থী ঝুঁকি নিয়ে তাতে উঠছেন। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

পাঁচ তলাবিশিষ্ট উঁচু টাওয়ার। ওঠা-নামার সব কটি সিঁড়ির নির্মাণকাজ শেষ। বাকি ছিল শুধু ছাদ নির্মাণ। নির্মাণকাজ বন্ধের ঘোষণা দেওয়া হয় প্রায় সাড়ে তিন মাস আগে। সেই থেকে অরক্ষিত অবস্থায় ওভাবেই দাঁড়িয়ে আছে টাওয়ারটি।
সিলেটের জলার বন (সোয়াম্প ফরেস্ট) রাতারগুলে বন বিভাগের জাতীয় উদ্যান পরিকল্পনায় নির্মাণাধীন সুউচ্চ টাওয়ারটি নিয়ে গ্রামবাসী পড়েছেন মহাবিপাকে। বর্ষাকালে রাতারগুলে বেড়াতে আসা লোকজন ঝুঁকি নিয়ে তাতে ওঠা-নামা করছেন। অরক্ষিত টাওয়ারে এভাবে ওঠা-নামা করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসী আশঙ্কা করছেন। এ কারণে গ্রামের লোকজন অরক্ষিত টাওয়ারটি পাহারা দিচ্ছেন।
আমির আলী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আগে মানুষ আইয়া বনের মধ্যে বেড়াইতা। অনে আইয়া সব আগে টাওয়ারও উঠওইন। ইটা (টাওয়ার) অনে আমরার লাগি খাড়া এক বিপদ অইছে! ফালাইয়া রাখায় আমরার অনে চখিদারি (চৌকিদারি) করওন লাগের!’
এলাকাবাসী, বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন সূত্র জানায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। নদী ও হাওরবেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর এলাকা প্রকৃতিপ্রেমীদের কাছে ‘সিলেটের সুন্দরবন’ নামে পরিচিত হয়ে উঠলে বন বিভাগ গত জানুয়ারি মাস থেকে প্রস্তাবিত জাতীয় উদ্যান পরিকল্পনায় রাতারগুলে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার, রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ শুরু করে।
সংরক্ষিত বন এলাকায় টাওয়ারসহ এসব স্থাপনা নির্মাণে বনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে সিলেটে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) পরিবেশবাদী সংগঠনগুলো আপত্তি তোলে। পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত হয় ‘রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি’।
গত ১০ এপ্রিল প্রথম আলোয় ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে মানববন্ধন করে প্রকল্পের কাজ বন্ধের দাবি জানানো হয়। ‘বনকে বনের মতো থাকতে দাও’ স্লোগান সামনে রেখে ২২ এপ্রিল সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের আমরণ অনশন ও ‘ভূমির সন্তান বাংলাদেশ’ নামের একটি সংগঠন পরিবেশবাদীদের নিয়ে আন্দোলনে নামলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
গত বৃহস্পতিবার সরেজমিনে গেলে রাতারগুল গ্রামবাসী জানান, বর্ষা মৌসুমে রাতারগুলে প্রতিদিন শতাধিক নৌকা দিয়ে দর্শনার্থীরা বনে পরিদর্শনে আসেন। বনে ঢোকার দুই প্রবেশপথ মটরঘাট ও রাতারগুল গ্রাম দিয়ে ঢুকলে সামনেই পড়ে টাওয়ার। এক নজরে পুরো বন দেখতে টাওয়ারের নিচে নৌকা রেখে দর্শনার্থীরা প্রথমেই এসে টাওয়ারে উঠছেন। কেউ ছবি তুলছেন, কেউ বা টাওয়ারের সিঁড়িতে বসে গল্পগুজব করছেন। টাওয়ারটি ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করে একজন নারী দর্শনার্থী বলেন, ‘উঁচু থেকে পুরো বন এক পলকে দেখা যায়। এ জন্য ঝুঁকি নিয়ে উঠলাম।’
তরুণ এক দর্শনার্থী বলেন, ‘এখান থেকে পড়লে পানিতেই পড়ব! ঝুঁকি এতটুকুই! যেহেতু এটি বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল, সুতরাং এর দায় বন বিভাগেরই।’
জানতে চাইলে বিট কর্মকর্তার দায়িত্বে থাকা বন প্রহরী হুমায়ূন কবির বলেন, ‘বন বিভাগ থেকে আমাদের বলা হয়েছে কাজ বন্ধ রাখতে। যেভাবে ছিল টাওয়ারটি, এখন সেভাবেই রয়েছে। স্থায়ী সিদ্ধান্ত এলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রকল্পের কাজ সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করছে। তাদের একটি পরিদর্শক দল সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।