রাতারাতি কবরের ওপর মাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়রা গ্রামে এক রাতের মধ্যে একটি মাজার স্থাপন করে ব্যবসা শুরুর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত সোমবার গভীর রাতে ন্যাংড়া চানমিয়া নামের এক ব্যক্তি স্থানীয় খাঁ বংশের পারিবারিক কবরস্থানের একটি কবরের ওপর মাজার উদ্বোধন করেন। মাটির ঢিবির ওপর সালুকাপড় দিয়ে ঢেকে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। কবরস্থানের এক পাশে টাকা তোলার জন্য রাখা হয়েছে চাদর। টাকাও উঠছে। অন্যদিকে রান্নাবান্নার কাজ চলছে। মাজারের খাদেম ও পীর দাবিদার চানমিয়া বলেন, স্বপ্নে আদিষ্ট হয়ে তিনি এখানে ভোগ দিতে এসেছেন। এখন থেকে প্রতিবছর এখানে ওরস করা হবে। এই স্বপ্ন দেখার পর তিনি লোকজন নিয়ে এখানে আস্তানা তৈরি করেছেন।খাঁ বংশের সদস্য বাবু খাঁ ও মন্টু খাঁ জানান, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এখানে কে কীভাবে মাজার তৈরি করছেন, তাও তাঁদের জানা নেই। গ্রামের বয়োবৃদ্ধ আবু মিয়া (৮০) বলেন, এখানে কারও নামে মাজার ছিল, তা কোনো দিন শুনেননি তিনি। গ্রামবাসী জানায়, অনেক দিন ধরেই চানমিয়ার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। হঠাৎ নতুন মাজার তৈরির কল্পকাহিনি বলে আসছিলেন গ্রামের মধ্যে। কেউ কেউ তাঁর কথা বিশ্বাস করে তাঁকে বিষয়টি নিয়ে উৎসাহ দিলে সোমবার গভীর রাতে সেই কথিত মাজারের উদ্বোধন করেন তিনি।ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনিসুর রহমান জানান, কয়েক বছর আগে চাঁদপুর গ্রামের আসরাফ আলীর ধানখেতে মাঙ্গন নামের এক ব্যক্তি মাজার তৈরি করেছিলেন। জমির মালিক ও এলাকাবাসী সেটি ভেঙে দেয়। তার পর থেকে আর কোনো কার্যক্রম হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আহাদ ও রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।