রাতারাতি বাজার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের কলোনিবাজার ইজারা দেওয়া নিয়ে বগুড়া পৌরসভা ও বগুড়া মূক-বধির বিদ্যালয় চরম বিরোধে জড়িয়ে পড়েছে। এরই জের ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ ৮ আগস্ট বাজারটি উচ্ছেদ করেছে। ফলে পথে বসেছেন দুই শতাধিক ব্যবসায়ী।
বাধ্য হয়ে ব্যবসায়ীরা ১০ দিন ধরে শহরের সাতমাথা-বনানী সড়ক ও ফুটপাত দখল করে বাজার বসাচ্ছেন। কিন্তু ব্যস্ত এ সড়ক হয়ে শহরের বাস টার্মিনালে দূরপাল্লার অনেক বাস যাতায়াত করে। তাই যেকোনো সময় আবার উচ্ছেদ হতে পারেন বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মূক-বধির বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের ব্যয়ভার বহন করতে ১০ বছর আগে নিজস্ব জায়গায় বাজার বসায়। কিন্তু দুই বছর ধরে বগুড়া পৌরসভা ওই বাজার ইজারা দিয়ে আসছে। আয় বন্ধ হওয়ায় নিজেদের জায়গা থেকে বাজার উচ্ছেদ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
গত রোববার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা স্থায়ী পুনর্বাসন অথবা বিদ্যালয়ের জায়গায় বসানো বাজারের ইজারা দ্রুত বাতিলের জন্য পৌরসভার প্রতি দাবি জানিয়েছেন। অন্যথায় তাঁরা পৌরসভা চত্বরে বাজার বসানোর হুমকি দেন।
বগুড়া মূক-বধির বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সহসভাপতি শুভাশীষ পোদ্দার বলেন, ‘এ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়ালেখা করে। বাজারের আয় দিয়ে বিদ্যালয়ের খরচ জোগানো হতো। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই বাজার ইজারা দিয়ে বগুড়া পৌরসভা প্রতিবন্ধী এতগুলো শিক্ষার্থীর জীবন নিয়ে তামাশা করেছে। বাধ্য হয়ে বিদ্যালয়ের জায়গাটির দখল রক্ষার জন্য বাজার উচ্ছেদ করে প্রাচীর দিয়ে ঘিরে দিতে হয়েছে। ব্যবসায়ীদের এই দুর্গতির জন্য পৌরসভা দায়ী।’
তবে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ‘পৌরসভা এলাকায় ব্যক্তিগত জায়গায় বাজার বসানো হলেও ইজারা দেওয়া কিংবা টোল আদায়ের এখতিয়ার শুধু পৌরসভার। নিয়ম মেনেই পৌরসভা থেকে কলোনিবাজার ইজারা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ইজারা দেওয়ার এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কিছুদিন আগে আদালতে মামলা দিয়েছে। মামলা বিচারাধীন থাকাকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ৮ আগস্ট বাজার উচ্ছেদ করে সেখানে সীমানাপ্রাচীর দিয়েছে। বাধ্য হয়ে পৌরসভা থেকে আপাতত রাস্তায় ও ফুটপাতে বাজার বসাতে বলা হয়েছে। কারণ রাস্তার মালিকও পৌরসভা।’
বগুড়া মোটরমালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘শহরের বাস টার্মিনালে দিনে-রাতে হাজার খানেক বাস চলাচল করে। ব্যস্ত এ সড়কে বাজার বসায় দুর্ঘটনার ঝুঁকি ও যানজট বেড়ে গেছে। বাজার সরিয়ে দিতে আমরা প্রশাসনকে অনুরোধ করেছি।’
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ‘মূক-বধির বিদ্যালয় ও পৌরসভার বিরোধের কারণে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন জরুরি। তবে তা অবশ্যই রাস্তা বা ফুটপাত দখল করে নয়। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সব পক্ষকে নিয়ে দ্রুত সমঝোতা বৈঠক ডাকা হচ্ছে।’
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালে শহরের কলোনি এলাকায় সাতমাথা-বনানী সড়কের পাশে প্রায় আড়াই বিঘা জমির ওপর দৈনিক বাজার বসায় বিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে বিঘা খানেক জায়গায় বসানো হয় স্থায়ী দোকানপাট। এখানে শর্ত সাপেক্ষে দোকান বসানোর জন্য প্রায় ১০০ ব্যবসায়ীকে জায়গা বরাদ্দ দেওয়া হয়। অবশিষ্ট দেড় বিঘা জায়গায় বসানো হয় তোহা বাজার। তোহা বাজারে ৭০ থেকে ৮০টি সবজির দোকান এবং ৬০ থেকে ৭০টি মাছ-মাংসের দোকান বসত। বিদ্যালয় কর্তৃপক্ষ তোহা বাজার থেকে দৈনিক ভিত্তিতে টোল আদায় করলেও ১৪২০ বাংলা সন থেকে বগুড়া পৌরসভা বাজারটিকে পৌরসভার তালিকাভুক্ত করে তা ইজারা দেয়। চলতি সনেও ইজারা-প্রক্রিয়া অব্যাহত থাকে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ ৮ আগস্ট রাতে তোহাবাজার উচ্ছেদ করে সেখানে প্রাচীর তুলে তাদের নিয়ন্ত্রণে নেয়।
রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, তোহাবাজারের পাঁচটি প্রবেশপথ ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। নয়ন মণ্ডল নামে একজন মনিহারি ব্যবসায়ী বলেন, ‘১০ দিন ধরে দোকান অবরুদ্ধ। বেচাকেনা নাই। খরচের অভাবে বাড়িতে ভাত জুটছে না। ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিলাম। দোকান বন্ধ থাকায় কিস্তি দিতে পারছি না। আমার মতো আরও ২০-২৫ জন দোকানি ভেতরে অবরুদ্ধ।’
প্রাচীরের বাইরের আরেক মনিহারি ব্যবসায়ী রুহুল আমীন বলেন, ‘তোহাবাজার চালু থাকলে জমজমাট বেচাবিক্রি হতো। কোনো কোনো দিন ৪০ থেকে ৫০ হাজার টাকার মালামাল বিক্রি করেছি। এখন দিনে দুই-তিন হাজার টাকার মালামালও বিক্রি হচ্ছে না।’ তাঁদের মতো প্রায় একই ধরনের কথা বলেন ব্রয়লার মুরগি ব্যবসায়ী মোহাম্মদ আলী, কাঁচামাল ব্যবসায়ী সাইদুর রহমানসহ অন্তত ১৪ জন ব্যবসায়ী।