চট্টগ্রামে ‘রাজস্ব সংলাপে’ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, কাস্টমসকে পুঁজি করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন বাদ দিতে হবে। ব্যক্তিগত বা গোষ্ঠীগত লাভের জন্য কারও কাস্টম হাউস ব্যবহারের সুযোগ নেই। কাস্টমসের অগ্রযাত্রাকে যাঁরা রুখতে চেষ্টা করবেন, তাঁরা বিপদে পড়বেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তুলতে দেশব্যাপী রাজস্ব সংলাপের আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে এ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। এ জন্য প্রয়োজন করবান্ধব সংস্কৃতি।
সংলাপে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির খরচ কমানোর দাবি জানান। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলো চালু হলে আমদানি-রপ্তানি পণ্যের চাপ বাড়বে। এই চাপ মোকাবিলার জন্য বন্দর ও কাস্টমসকে ঢেলে সাজাতে হবে। দুটি সংস্থার সক্ষমতা বাড়াতে হবে।
চট্টগ্রাম বন্দরের মতো কাস্টম হাউসেও রাতের পালায় কাজ চালু করতে এনবিআরের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী।
এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন বলেন, সময় ও খরচ কমিয়ে কীভাবে পণ্য আমদানি-রপ্তানি করা যায়, সে লক্ষ্যে এনবিআর সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে।
সংলাপে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান, এনবিআরের সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, চট্টগ্রাম উইমেন চেম্বারের সহসভাপতি আইভি হাসান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রমুখ।
এর আগে গতকাল সকালে কাস্টম হাউসের সম্মেলনকক্ষে ‘এনবিআর-ইআরএফ রাজস্ব যাত্রা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণের কাজে হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা কাস্টম হাউসের কর্মকর্তাদের নাজেহাল করার চেষ্টা করছেন, তাদের খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।