রাতে অটবির কারখানায় ভয়াবহ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আকড়াইন এলাকায় অটবির আসবাবপত্রের কারখানায় গতকাল মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত জানা যায়নি।
আগুন প্রায় পুরো কারখানাতেই ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল ও এর আশপাশে র‌্যাব-পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
রাত দেড়টার দিকে এ প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা।
অটবির সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) বজলুর রশীদ জানান, কারখানায় বিকেলের শিফটে ৫০০ শ্রমিক কাজ করছিলেন। কারখানার মোট দুটি ইউনিট। রাত নয়টার দিকে ২২ বিঘা আয়তনের একটি ইউনিটের উত্তর-পূর্ব কোণে কালার ফিনিশিং বিভাগে (লেকার সেকশন) হঠাৎ আগুন লাগে।
অটবির সহকারী ব্যবস্থাপক জানান, ওই জায়গায় ফার্নিচার তৈরির পর ফিনিশিংয়ের কাজ হতো। তিনি দাবি করেন, আগুনে কোনো শ্রমিক হতাহতের ঘটনা ঘটেনি।
এই কর্মকর্তা আরও জানান, আগুন লাগার পর প্রথমে তাঁরা নিজেদের অগ্নিনির্বাপণ ব্যবস্থার সহায়তায় তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঢাকা, সাভার, ধামরাই, ইপিজেড ও টঙ্গী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
বজলুর রশীদ অভিযোগ করেন, খবর দেওয়া হলেও সঠিক সময়ে ফায়ার সার্ভিস আসেনি।
ফিনিশিং বিভাগের শ্রমিক ও প্রত্যক্ষদর্শী মনির হোসেন জানান, কারখানার অ্যাডজাস্ট ফ্যান থেকে প্রথমে অগ্নস্ফুিলিঙ্গ বেরোতে দেখা যায়। পরে সেখানে রাখা রাসায়নিক পদার্থে আগুন লাগে এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পানির অভাবে আগুন নেভানোর কাজ দারুণভাবে বিঘ্নিত হয়।
ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন) আবদুস সালাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারেননি। তবে কারখানার ভেতরে বিপুল পরিমাণ কাঠ, পার্টিকেল বোর্ড ও রাসায়নিক পদার্থ রাখা ছিল। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে পড়ে।
কারখানার পাশের বাসিন্দা মোমিনুল হক জানান, ঘটনার পরপরই এলাকার কয়েক হাজার লোক ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কারখানার কাছাকাছি যাওয়া কারও পক্ষেই সম্ভব হচ্ছিল না।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডুর কাছে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।