রাতে অপহূত শিশু সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
বরিশালের উজিরপুর উপজেলায় গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় তিন বছরের এক শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। পরে চিকিৎসা ও পরীক্ষার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষন করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব-ধামসর গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে শিশুটি ঘুমিয়ে ছিল। রাত তিনটার দিকে শিশুটির মা প্রকৃতির ডাকা সাড়া দিতে ঘরের বাইরে বের হন। কাজ শেষে তিনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন মেয়ে পাশে নেই। পরে তাঁর কান্না ও আহাজারি শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজা শুরু করে। এলাকায় মাইকিংও করা হয়। সকাল সাতটার দিকে পাশের এলাকার একটি মেহগনি বাগানের কাছে শিশুটির কান্না শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে বরিশালের পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রবিউল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে উজিরপুর থানায় মামলা করেছেন। শিশুটির চিকিৎসা ও ডিএনএ পরীক্ষার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণের পর শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।