
‘আগামসিহ লেন থেকে রাত ১২টায় রওনা দিলাম। রাস্তায় সিগন্যাল এবং নিউমার্কেটের সামনে জ্যাম লেগে আছে। আর মার্কেটের ভেতর ঢুকে তো মনে হলো রাত নয়, এ তো দিনের বেলা। গৃহকর্মীর জন্য গয়না, নিজের জন্য ওড়নাসহ টুকিটাকি কিনলাম। ওড়নার সাইড পিকু করে বাসায় ফিরতে ফিরতে একটা বেজে যায়।’
গত শনিবার রাতে ঈদের বাজার করতে যাওয়ার এমন অভিজ্ঞতার কথা জানালেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিলকিস বেগম। তিনি বললেন, অফিস থেকে ফিরে সবার ইফতারি, রাতের খাবারের আয়োজন করে রাতে ঈদবাজার করা ছাড়া আর উপায় নেই। রাতে রাস্তায় দিনের তুলনায় জ্যাম খানিকটা কম থাকে। তবে মার্কেটের ভেতরে ভিড় থাকে।
নিউমার্কেটের বিক্রেতারা জানালেন, ঈদের আগ পর্যন্ত তাঁরা তাঁদের দোকান রাত দুইটা থেকে আড়াইটা পর্যন্ত খোলা রাখবেন। মোট কথা, যতক্ষণ ক্রেতা, ততক্ষণ দোকান খোলা থাকবে।
শুধু নিউমার্কেট নয়, রাজধানীর বসুন্ধরা শপিং মল, মোহাম্মদপুরের কৃষি মার্কেট, তাজমহল রোডের বিভিন্ন বিপণিবিতান, গুলশানের জারা ফ্যাশন মল থেকে শুরু করে সব জায়গার চিত্র প্রায় এক। এমনকি গলিতে গড়ে ওঠা বিভিন্ন পোশাকের দোকানের শাটার বন্ধ করতে করতেও রাত ১২টা বেজে যাচ্ছে বলে বিক্রেতারা জানালেন। অন্যদিকে রাতে কেনাকাটা করে বাড়ি ফিরতেও আগের তুলনায় ঝক্কি-ঝামেলা কিছুটা কমেছে। ব্যক্তিগত গাড়ি না থাকলেও অসুবিধা নেই, উবার, পাঠাও তো হাতের কাছেই আছে। আর প্রায় প্রতিটি শপিং মলেই ফুড কোর্ট আছে।
শনিবার রাত ১২টায় বসুন্ধরা শপিং মলের ফুড কোর্টে গিয়ে মনে হলো মাত্র সন্ধ্যা নেমেছে। মুরগি কাটা হচ্ছে। বিক্রেতারা জানালেন, মোটামুটি সাহ্রি পর্যন্ত ফুড কোর্ট খোলা থাকে। ক্রেতারা কেনাকাটা করে সেখানে ছুটছেন, ফলে রাতের বেলায়ও জায়গা পেতে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল ক্রেতাদের। এ ছাড়া শপিং মল, বিপণিবিতানের সামনে রাতে ঝলমলে বাতির ঝলকানিতে উৎসবের মাত্রাটা খানিকটা বাড়িয়ে দেয়।
গুলশানের জারা ফ্যাশন মলের শাড়ির বিক্রেতা মোহাম্মদ লিটন প্রথম আলোকে বলেন, গুলশানের বেশির ভাগ ক্রেতা উচ্চমধ্যবিত্ত বা উচ্চবিত্ত। তাঁরা দিনের বেলায় নানা কাজে ব্যস্ত থাকেন। রাতের বেলায় গাড়িতে করে ঈদের বাজার করতে আসেন। রাত বাড়লেও কোনো তাড়া নেই। দরদামের বালাই নেই, যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছেন। ফলে দোকান বন্ধ করতে করতে রাত দুইটা-আড়াইটা বেজে যায়।
জারা শপিং মলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী বিক্রেতা জানালেন, দোকান থেকে বের হতে হতে রাত দুইটার বেশি বাজে। তখন বাড়ি ফিরতে হয় নিজ দায়িত্বে। এই নারী বিক্রেতার মতো একই কথা জানালেন বসুন্ধরা শপিং মলের কয়েকজন নারী বিক্রেতাও। তাঁরা বাড়তি কাজের জন্য ওভারটাইম পাচ্ছেন। কিন্তু রাতে বাড়ি ফেরার সময় নিরাপত্তার কথা নিজেকেই চিন্তা করতে হয়। মালিকের পক্ষ থেকে গাড়ির কোনো ব্যবস্থা থাকে না।
ঈদবাজারে রাতে বেশি কেনাবেচা হয় বলে জানালেন বাংলাদেশ দোকান মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তবে টাকার হিসাবে এ কেনাবেচার পরিমাণ কত, তা নিয়ে সমিতির কাছে কোনো তথ্য পাওয়া যায়নি। সমিতির দায়িত্বপ্রাপ্ত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানালেন, বিভিন্ন ঝামেলা এড়াতে দোকানমালিকেরা কখনোই সঠিক হিসাব দিতে চান না।
বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ঈদের বাজারে রাতে বেশি কেনাবেচা হয়। কিন্তু এ নিয়ে তেমন কোনো গবেষণা নেই। ঈদের পরে দিনে কত বিক্রি, রাতে কত বিক্রি, গতবারের তুলনায় তা বেশি না কম, এ ধরনের একটি মূল্যায়ন করা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা এবং সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘ঈদের সময় দোকানের নারীকর্মী বা বিক্রেতারা বাড়ি ফেরার বিষয়টিও দোকান বা মার্কেট মালিকদের চিন্তা করতে হবে। দোকান বা মার্কেট মালিকেরা মিলে যৌথভাবে গাড়ির ব্যবস্থা করতে পারেন। আমরা সমিতি থেকে শুধু সুপারিশ করতে পারি। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে কাউকে বাধ্য করতে পারি না।’