রাতে কুর্মিটোলা হাসপাতালে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হাসপাতালের দ্বিতীয় বেসমেন্টের একটি তালাবদ্ধ কক্ষে আগুনের সূত্রপাত হয়। কক্ষটিতে কাঠসহ বেশ কিছু আবর্জনা ছিল। পরে সেখান থেকে সৃষ্টি হওয়া ধোঁয়া হাসপাতালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মিজানুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।