রাতে গ্রামের রাস্তা কেটে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তেলিবিল গ্রামের ১৫০ ফুট রাস্তা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে৷
গতকাল সোমবার দুপুরে ওই গ্রামে গেলে গ্রামের কয়েকজন জানান, রোববার রাত ১০টার দিকে সশস্ত্র ১৫ জন অতর্কিতে এসে তালতলা মসজিদ সড়কটির ১৫০ ফুট অংশ কেটে ধানি জমির সঙ্গে মিশিয়ে দেয়। হামলার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, উত্তর তেলিবিল গ্রামের সুলেমান মিয়া, ফুল মিয়া, আত্তর আলী, জালাল মিয়া, ইয়াজিদ আলী, হোসেন মিয়া, আরমান মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে এসে দুর্বৃত্তরা সড়কটি কেটে ফেলে। তাঁরা আরও জানান, সম্প্রতি সরকারি অনুদানে সড়কটির উন্নয়নকাজ (মাটি ভরাট) চলছিল।
সড়কের পাশেই অভিযুক্ত ব্যক্তিদের জমি থাকায় তাঁরা মাটি ভরাটের কাজে বাধা দেন৷ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নসিবুর রহমান তা উপেক্ষা করেই সড়কে মাটি ভরাটের কাজ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তিরা রোববার রাতে সশস্ত্র অবস্থায় অতর্কিতে এসে সড়কটি কেটে ফেলেন।
নসিবুর রহমান বলেন, রোববার বিকেলে সড়ক উন্নয়নের কাজ বন্ধ রাখার জন্য অভিযুক্ত ব্যক্তিরা সতর্ক করে দিয়েছিলেন। সরকারি কাজ কোনোভাবে বন্ধ করা যাবে না বলে তিনি তাঁদের জানানোর পর রাতেই তাঁরা সড়কটি কেটে ফেলেন। শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
ইউএনও শামছুল ইসলাম বলেন, তিনি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনাটি জেনেছেন এবং ইউপি চেয়ারম্যানকে অভিযুক্ত ব্যক্তিদের নামের তালিকা দিতে বলেছেন৷ নামের তালিকা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর তেলিবিল গ্রামে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। ফুল মিয়া মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ওই রাস্তার যে অংশটুকু তাঁদের জায়গায় পড়েছে, তাঁরা সেটুকু কেটে ফেলেছেন৷