উড়ে গেছে জানালার গ্রিল! কয়েকটা পুড়ে বেঁকে আছে। পুড়ে কয়লা হয়ে যাওয়া কাপড়চোপড় ও আসবাব ঘরময় ছড়িয়ে-ছিটিয়ে। বাসার প্রধান দরজা উড়ে গিয়ে আছড়ে পড়েছে পাশের ফ্ল্যাটের দরজায়। ফেটে গেছে সে দরজাটিও।
গতকাল শনিবার সকালে রাজধানীর সেন্ট্রাল রোডের এক বাড়ির ছয়তলার বাসায় বিকট শব্দে বিস্ফোরণের পরের দৃশ্য এটি। গ্যাসের লাইনে ছিদ্র হয়ে সারা রাত ঘরময় ছড়িয়ে পড়ে সেই গ্যাস। সকালে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বিস্ফোরণে ওই বাসার বাসিন্দা মামা, ভাগনে ও ভাগনি দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মামা ও ভাগনির অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ ব্যক্তিরা হলেন ফজলুর রহমান (৫০), তাঁর ভাগনি সাবেকুন্নাহার ওরফে পান্না (২৭) ও ভাগনে দেলোয়ার হোসেন (২৫)। সাবেকুন্নাহারের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। ফজলুরের পুড়েছে ২৯ শতাংশ। আর দেলোয়ারের পিঠ সামান্য পুড়েছে। ফজলুর রহমান গুলশানে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, বাসার একটি বাথরুমের ওপর ফলস সিলিং দিয়ে গ্যাসের লাইন নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই লাইনে কোনো ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে তা পুরো বাসায় ছড়িয়ে পড়ে। পরে আগুনের সংস্পর্শে এসে তা বিস্ফোরিত হয়।