রাতে চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার, খুলশী, আসকার দীঘি, রহমতগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। ইফতারের কয়েক মিনিট আগে নগরের ম্যাজিস্ট্রেট কলোনি (লালখান বাজারের পাশে) লাগোয়া ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ফলে এ বিপর্যয়ের সৃষ্টি হয়।
পিডিবির নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) অশোক চৌধুরী বলেন, ইফতারের কয়েক মিনিট আগে একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় ওই বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ওই খুঁটি ভেঙে যায়। এরপর লালখান বাজার, খুলশী, আসকার দীঘি, রহমতগঞ্জসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
পিডিবির নির্বাহী প্রকৌশলী বলেন, রাত ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে ওই লাইন ঠিক করার কাজ শুরু করা হয়। পুরো কাজ শেষ করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।