রাতে চলছে পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলছে পাহাড় কাটার ধুম। কেটে ফেলা অংশে রোপণ করা হচ্ছে বড় বড় কলাগাছ। বৃষ্টির পানির সঙ্গে পাহাড় কাটার মাটি নেমে এসে শহরের নালা ভরাট হয়ে যাচ্ছে। এতে শহরে দেখা দিচ্ছে জলাবদ্ধতা।
গত শুক্রবার সকালে শহরের লাইটহাউস পাহাড় ঘুরে দেখা গেছে, কয়েকজন শ্রমিক কেটে ফেলা পাহাড়ে কলাগাছ রোপণ করছেন। শ্রমিক গিয়াস উদ্দিন (৪৫) বলেন, গত বৃহস্পতিবার রাতে ১২ জন শ্রমিক এই উঁচু পাহাড়টি কেটে ফেলেন। পাহাড় কাটার চিহ্ন যেন বোঝা না যায়, এ জন্যই বড় বড় কলাগাছ রোপণ করা হচ্ছে। শহরের কলাতলী, আদর্শগ্রাম ও পাহাড়তলীর পাঁচটি পাহাড়েও কেটে ফেলা অংশে কলাগাছ রোপণের দৃশ্য দেখা যায়।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার শহরের পাহাড়তলী ও টাংকির পাহাড়ে পরিবেশ অধিদপ্তরের একটি দল গিয়ে একাধিক পাহাড় কাটার দৃশ্য দেখেন। কিন্তু জঙ্গলে আত্মগোপন করায় জড়িত ব্যক্তিদের ধরা সম্ভব হয়নি। বিশেষ করে রাতের বেলায় এই পাহাড় কাটা হয়।
সরেজমিনে দেখা গেছে, লাইটহাউস পাহাড় কেটে অবৈধ ঘরবাড়ি তৈরি করেছেন স্থানীয় আবদুল কাইয়ুম, আবু তাহের, ইকবাল, রহিমা বেগমসহ ১০ জন। পাহাড়তলী পাহাড় কেটে ঘর তৈরি করেন দিল মোহামঞ্চদ, মোহামঞ্চদ সোহেল, নূরজাহান, রেজাউল করিমসহ ১০ জন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করেছে। কিন্তু তার পরও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ১৫ দিনে শহরের বাইপাস সড়ক, কলাতলী, সিটি কলেজ এলাকা, সাহিত্যিকা পল্লি, পিএম খালী, মিঠাছড়িসহ বিভিন্ন স্থানের অন্তত ১২টি উঁচু পাহাড় কেটে ফেলা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি নিচু জমি ভরাটের জন্য পাহাড় কেটে মাটির ব্যবসা করছেন।