রাতে চলাফেরায় চুয়েটে কড়াকড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের রাতে ক্যাম্পাসের বাইরে চলাফেরার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে। রাত ১১টার পর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসের বাইরে না থাকতে বলা হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি জরুরি প্রয়োজনে কেউ বাইরে গেলে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিতে হবে। চুয়েটের নিরাপত্তা শাখার কর্মকর্তা এস এম কামরুল হাসান বলেন, ‘ক্যাম্পাসের আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুরো ক্যাম্পাসে বিশেষ করে রাতের বেলা নজরদারি বাড়ানো হয়েছে।’উল্লেখ্য, চুয়েটের চতুর্থ বর্ষের চার শিক্ষার্থী ও তাঁদের চার বন্ধু ২৫ জানুয়ারি সন্ধ্যায় ক্যাম্পাসের কাছের একটি পাহাড়ে রাত কাটানোর উদ্যোগ নেন। পাহাড়ে রাত কাটানোর অভিজ্ঞতা অর্জনের জন্য তাঁরা সেখানে তাঁবুও খাটান। কিন্তু গভীর রাতে এলাকার শতাধিক লোক ডাকাত সন্দেহে তাঁদের ঘিরে ফেলে। পরে পরিচয় পেয়ে তাঁদের পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয়।