ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগে গতকাল সোমবার রাতে গোড়ান ও বাসাবোর চারটি কেন্দ্রে সরকার-সমর্থক প্রার্থীদের বিরুদ্ধে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে। অবশ্য কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
এ ছাড়া গুলশানের কালাচাঁদপুরে হাঙ্গামার অভিযোগে পুলিশ কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভাইসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ঢাকা উত্তরের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফরোজ এ হাবিবের ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েতউল্লাহ রয়েছেন।
আফরোজ এ হাবিব সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাকির হোসেন বাবুলের সমর্থকেরা রাত ১১টার দিকে গুলশানের কালাচাঁদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার খবর পেয়ে তাঁরা বাধা দিতে এলে পুলিশ উল্টো তাঁর সমর্থকদের গ্রেপ্তার করে।
১০ জনকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীর। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে এক প্রার্থীর ভাই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার রেফায়েতউল্লাহও রয়েছেন। কাউন্সিলর প্রার্থী আফরোজ এ হাবিবের সমর্থকেরা গতকাল রাত ১০টার দিকে কেন্দ্র দখলের চেষ্টা চালালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেন, ঢাকা দক্ষিণের ২ নম্বর ওয়ার্ডের শান্তিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র, গোড়ান আলী আহমেদ স্কুল, আদর্শ স্কুল কেন্দ্র ও বাসাবো স্কুল কেন্দ্রে সরকার-সমর্থকেরা রাতেই ব্যালটে সিল মারছেন বলে খবর পান তিনি। তাঁর দাবি, রাতে ওই কেন্দ্রগুলোতে গিয়ে হাতেনাতে তাঁদের ধরেন। তাঁকে দেখে কেন্দ্র থেকে তাঁরা পালিয়ে যান। এ সময় সেখানে পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।
জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাত জেগে পাহারা দিচ্ছে। গণমাধ্যমের কর্মীরাও ছোটাছুটি করছেন। তা ছাড়া, তাঁর কোনো অভিযোগ থাকলে তিনি তো আগে পুলিশকে জানাবেন। কিন্তু এখন পর্যন্ত থানায় তাঁর পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।
গতকাল রাত ১২টার দিকে একজন সাংসদ পুরান ঢাকার ইসলামপুরে বুলবুল ললিতকলা একাডেমী ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা দিলে সাংসদ তাঁদের গালিগালাজ করে চলে যান। পরে রাত পৌনে ১টার দিকে কোতোয়ালি থানায় ফোন করা হলে জানানো হয়, ‘এমপি সাহেব থানাতেও এসেছিলেন। এইমাত্র থানা থেকে বের হলেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল থেকে পুলিশ ২৬ জন বহিরাগতকে গ্রেপ্তার করেছে। হল ছাত্রলীগের সাবেক এক নেতা ২১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। তাঁর হয়ে নির্বাচনে কাজ করতে এই বহিরাগতদের হলে এনে জড়ো করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেন্দ্র থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সই করানোর অভিযোগ: ঢাকার কয়েকটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাতে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে সই করাতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছে আদর্শ ঢাকা আন্দোলন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সংগঠনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ ও সদস্যসচিব শওকত মাহমুদ এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে দক্ষিণ সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজ, সেগুনবাগিচা হাইস্কুল এবং ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার কেন্দ্রের নাম উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, ছিনতাই করা এসব ব্যালট মেয়র প্রার্থীদের। নিয়ম অনুযায়ী ভোটারের উপস্থিতে ব্যালট পেপারে নির্বাচনী কর্মকর্তারা সই করেন।
বিবৃতিতে আদর্শ ঢাকা আন্দোলনের দুই নেতা বলেন, তাঁদের আশঙ্কা ঢাকা সিটি নির্বাচন প্রহসনে পরিণত হতে চলেছে। অবিলম্বে এই ভোট ডাকাতি বন্ধে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
বিএনপি-সমর্থিত প্রার্থীরা আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে নির্বাচন করছে। এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের সদস্যসচিব শওকত মাহমুদ প্রথম আলোকে বলেন, বিশ্বস্ত সূত্র থেকে তাঁরা এ খবর পেয়েছেন। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে।
তবে যোগাযোগ করলে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ রাতে প্রথম আলোকে বলেন, এ রকম কোনো অভিযোগ তাঁরা পাননি। উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা শাহ আলমকে ফোনে পাওয়া যায়নি।