২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ডাক্তার ও নার্সদের দায়িত্বে অবহেলার কারণে তিন নবজাতক মারা গেছে। ভর্তি হওয়া আরও বেশ কয়েকজন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার রাতে ওই ওয়ার্ডে শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনুপস্থিত থাকা এবং নার্স ও অন্যদের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে মৃত ও অসুস্থ নবজাতকের বাবা-মায়েরা অভিযোগ করেছেন। কর্তব্যরত নার্সরা জানান, শিশু ওয়ার্ডে গত বৃহস্পতিবার সকাল থেকে ৪৯ জন নবজাতককে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই অপরিণত বয়স ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া, গর্ভাবস্থায় শিশুর খাদ্যনালিতে মায়ের মল ঢোকা (birth axphysian), খিচুনি এবং নাভিতে ক্ষত নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে জামালপুর শহরের কাছারীপাড়ার মুনসুর খান, বেলটিয়া গ্রামের মো. মামুন, জেলার সরিষাবাড়ী উপজেলার হাফিজুর রহমান, মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের জুলহাস উদ্দিন এবং পাশের শেরপুর সদরের চর জঙ্গলদি গ্রামের শুক্কুর আলীর নবজাতক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্কুর আলীর শিশুটি রাত আড়াইটার দিকে মারা যায়। এর আগে রাত তিনটার দিকে ইসলামপুরের নটারকান্দা গ্রামের হায়দর আলীর শিশুটি মারা যায়। এ নবজাতক শিশুদের প্রত্যেকের বয়স দু-এক দিনের এবং শরীরের ওজন খুবই কম। গত বুধবার রাতেও এ ওয়ার্ডে জেলার মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের দরিদ্র নূর মোহাম্মদের নবজাতক ছেলে শিশু মারা গেছে। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে কয়েকজন শিশু মারা যাওয়ার কথা লোকমুখে প্রচার হয়ে যায়। ভোর সাড়ে চারটার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি সিলিং ফ্যান ঘুরে না। তিনটি এসির মধ্যে একটিও সচল নেই। ওয়ার্ডজুড়েই ভাপসা গরম আর উৎকট গন্ধে বেশিক্ষণ টিকে থাকায় দায়। শিশু বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম রাতে অসুস্থতার কারণে ওয়ার্ডে যেতে না পারার কথা স্বীকার করে বলেন, ‘রোগী মারা যেতেই পারে। আমরা আপ্রাণ চেষ্টা করে সেবা দিই। মাত্র দু-একটা রোগী মারা যাওয়ার ঘটনাকে বড় করে দেখলে আমরা তো উৎসাহ হারিয়ে ফেলব। তাহলে তো চাকরিই করা যাবে না।’ রাতে শিশু ওয়ার্ডে ডাক্তার না থাকা প্রসঙ্গে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা যতীন্দ্র চন্দ্র মণ্ডল বলেন, ‘কর্তব্যরত নার্সরা ডাক্তার তাজুল ইসলামকে কল করলে তিনি অসুস্থতার কথা জানান। নার্সরা আর আমার সঙ্গে যোগাযোগ করেননি। করলে আমি দ্রুত ব্যবস্থা নিতাম। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শিশু বিশেষজ্ঞ মো. জহিরুল কাইয়ুম ও তাজুল ইসলামকে নিয়ে আমি শিশু ওয়ার্ডে প্রতিটি বাচ্চাকে দেখেছি। রাতের ঘটনার জন্য সংশ্লিষ্ট নার্স এবং ডাক্তারদের সতর্ক থাকতে বলা হয়েছে।’