রাতে চুরি হচ্ছে সড়কের গাছ!
বগুড়ার শেরপুর উপজেলার চৈতনবাড়ী-লক্ষ্মীকোলা সড়কের সরকারি গাছ রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। চুরি বন্ধে পাহারাদার থাকলেও কোনো কাজ হচ্ছে না। উল্টো তাঁদের বিরুদ্ধেও চুরির কাজে সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার সামাজিক বনায়ন ও প্রশিক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার স্থানীয় লোকজনের মাধ্যমে ওই সড়কে গাছ চুরির খবরের সত্যতা পায় বন বিভাগের লোকজন। পরে চুরি যাওয়া গাছ পাওয়া যায় গাছ দেখাশোনায় নিয়োজিত সুবিধাভোগীর বাড়িতে। এ ঘটনায় রোববার রাতে সুবিধাভোগী কফিল উদ্দিনসহ চারজনের নামে মামলা করেছে বন বিভাগ। গত সোমবার সরেজমিনে দেখা যায়, চৈতনবাড়ী-লক্ষ্মীকোলা সড়কের গাছের সারির মধ্যে থেকে কেটে ফেলা হয়েছে কমপক্ষে ৪০টি মাঝারি আকারের গাছ। আবার অনেক গাছের গোড়া পর্যন্ত উপড়ে ফেলা বা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চৈতনবাড়ী গ্রামের রবিউল ইসলাম জানান, কফিল উদ্দিন ও তাঁর ভাইয়েরা প্রায় রাতেই সড়কের গাছ কাটেন। গাছ চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।সুবিধাভোগী কফিল উদ্দিনের স্ত্রী শাহানাজ বেগম দাবি করেন, ওই সড়কের সব গাছ তাঁর স্বামী একা কাটেননি। রাতের আঁধারে মাদকসেবীরা সড়কের আরও গাছ কেটে নিয়ে গেছে।উপজেলার সামাজিক বনায়ন ও প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবদুর রহিম বলেন, ২০০২-২০০৩ সালে ওই সড়কে বন বিভাগের আওতায় গাছ লাগানো হয়।