রাতে ছিনতাই করাই তাদের কাজ
তারা আটজন। তারা দিনে ঘুমায়, আর মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় ছিনতাই করে। তাদের লক্ষ্য দূরপাল্লার বাস ও ট্রেনের যাত্রী এবং রাতের বেলায় বের হওয়া লোকজন। প্রতি মাসে গড়ে আট থেকে দশটি ছিনতাই করে তারা। একা পেলে চালকের কাছ থেকে গাড়িও ছিনিয়ে নেয়।
গতকাল শনিবার কোতোয়ালি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দেয় সম্প্রতি গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী। তাদের দলনেতা মো. আসলাম। আসলাম জানায়, ছয় বছর ধরে গভীর রাত থেকে ভোর পর্যন্ত ছিনতাই করে তারা। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ‘গভীর রাতে ছিনতাইয়ের জন্য রাস্তায় নামে তারা। তাদের বিরুদ্ধে সাত-আটটি মামলা রয়েছে।’
পুলিশ সূত্র জানায়, রাতের বেলায় ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় প্রতি মাসে গড়ে আট থেকে দশটি মামলা হয়।
তবে বেশির ভাগ ভুক্তভোগী ঝামেলার কারণে মামলায় জড়ান না বলে জানা গেছে।
আটক তিন ছিনতাইকারী আসলাম, জামাল হোসেন ও আবদুর রহিম গতকাল কোতোয়ালি থানা কার্যালয়ে জানায়, নগরের গরীবউল্লাহ শাহ মাজার বাস কাউন্টার, সার্সন রোড, কদমতলী রেলস্টেশন, সিআরবি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গোয়াছি বাগান, দুই নম্বর গেট, ইস্পাহানি মোড়সহ ১০টি স্থানে তারা ওত পেতে থাকে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অবস্থান করে। ট্রেন ও বাসযাত্রীরাই তাদের প্রধান লক্ষ্য। যাত্রী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। অস্ত্র হিসেবে ব্যবহার করে ছোরা ও খেলনা পিস্তল। গত মে মাসে নগরের ইস্পাহানি মোড়ে এক মোটরসাইকেল আরোহীর মাথায় আঘাত করে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে তারা।
ছিনতাইকারীদের দলনেতা আসলাম জানায়, তাদের দলে আটজন সদস্য রয়েছে। ছয় বছর ধরে তারা ছিনতাই করছে।
পুলিশ সূত্র জানায়, আসলাম গত ৪ জুলাই ছিনতাইয়ের একটি মামলায় জামিনে বেরিয়ে এসে আবারও জড়িয়ে পড়ে ছিনতাইয়ে।
কোতোয়ালি থানার এসআই ইলিয়াছ খান বলেন, ‘একটি ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে আনা হয়েছে। রিমান্ডে তারা ছিনতাইয়ে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেছে।’