সাড়ে তিন মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের ‘সাধন কুটির’ থেকে অস্ত্র, গুলিসহ জঙ্গি দম্পতিকে গ্রেপ্তারের ঘটনায় করা অস্ত্র মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত ২৯ মে চট্টগ্রাম আদালতে দেওয়া এ অভিযোগপত্রে জঙ্গিদের অস্ত্রের উৎস বের করতে পারেনি পুলিশ। কে বা কারা তাঁদের অর্থের জোগান দিতেন তা-ও জানা সম্ভব হয়নি। এতে শুধু বলা হয়েছে, গ্রেপ্তার জঙ্গি দম্পতি নব্য জেএমবির সদস্য।
চার পৃষ্ঠার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিদের ভাড়া বাসায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির অন্য সদস্যরা আসা-যাওয়া করতেন। রাতে তাঁরা বোমা তৈরি করতেন।
চলতি বছরের ১৫ মার্চ সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ এলাকার সাধন কুটিরের বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে জহিরুল হক ওরফে জসীম ও রিজিয়া সুলতানা ওরফে আরজিনাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের সঙ্গে আট মাস বয়সী কন্যাসন্তান ছিল। জঙ্গি দম্পতির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, তিনটি তাজা গ্রেনেড, বোমা তৈরির বিপুল সরঞ্জাম এবং সুইসাইডাল ভেস্ট (কোমরে বাঁধা আত্মঘাতী বোমা) উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আসামি করে সীতাকুণ্ড থানায় অস্ত্র এবং সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করে পুলিশ।
তদন্তে নতুন কোনো তথ্য বেরিয়ে না আসায় হতাশা প্রকাশ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এতগুলো বোমা বিস্ফোরক তাঁদের একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। অর্থের জোগানদাতা ও অস্ত্র সরবরাহকারীদের শনাক্ত করা না গেলে জঙ্গিদের বিস্তার ঠেকানো যাবে না।