রাতে জরুরি বিভাগে ১ ঘণ্টা তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চানখাঁরপুলে গতকাল শনিবার রাতে মোমিনুল ইসলাম (৩০) নামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে বেদম মারধর করেছেন কয়েকজন যুবক। মোমিনুল হাসপাতালের অনারেবল মেডিকেল অফিসার (এইচএমও)।
একই ঘটনায় নূরুল ইসলাম নামে একজনও আহত হন। তিনি বোরহান উদ্দিন কলেজের ছাত্র বলে নিজেকে পরিচয় দেন।
এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেন এবং পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে রাত একটার দিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এসে তালা খুলে দেয়।
হাসপাতালের চিকিৎসক ফজলে বারী সাংবাদিকদের জানান, রাত নয়টার দিকে তিনি ও মোমিনুলসহ কয়েকজন চিকিৎসক চানখাঁরপুলে একটি হোটেলে খেতে যান। খাওয়া শেষে হাসপাতালে ফেরার পথে আফতাব হোটেলের সামনে ১০ থেকে ১৫ জন যুবক হকিস্টিক নিয়ে তাঁদের ঘিরে ধরেন। ওই যুবকেরা জিজ্ঞেস করেন, তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক কি না। উত্তরে তাঁরা হাসপাতালের অনারেবল মেডিকেল অফিসার (এইচএমও) পরিচয় দেন।
ফজলে বারী বলেন, পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগে ওই যুবকেরা তাঁদের ওপর হামলে পড়েন। তাঁরা হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তাঁদের কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে পারলেও মোমিনুল পারেননি। ওই যুবকেরা তাঁকে বেদম মারধর করেন।
কারা, কী কারণে মারধর করেছে প্রশ্ন করলে চিকিৎসকদের কেউই এ ব্যাপারে মন্তব্য করেননি।
হাসপাতাল সূত্র জানায়, মারধরে মোমিনুলের মাথা ফেটে গেছে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। ঢাকা মেডিকেলে তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে শতাধিক শিক্ষানবিশ চিকিৎসক হাসপাতালের জরুরি বিভাগে এসে জড়ো হন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার ব্যাপারে পুলিশকে জানিয়েছি। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ ও জড়িতদের সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।