রাতে ঝলমলে কাজিরবাজার সেতু

সন্ধ্যার পর জ্বলে ওঠে সোডিয়াম বাতি। আলোর রোশনাই ছড়িয়ে পড়ে চারপাশে। মোহনীয় এক পরিবেশ আচ্ছন্ন করে রাতের আকাশ। শহুরে ব্যস্ততার ঘেরাটোপ পেরিয়ে এ যেন অনন্য এক সৌন্দর্যপুরী।
সদ্যনির্মিত কাজিরবাজার সেতুর চিত্র এটি। নির্মল আনন্দ উপভোগ করতে প্রতিদিন এখানে ছুটে আসে শত শত মানুষ। চলে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সেতু ও সেতুর আশপাশে আড্ডা, হইহুল্লোড়।
সিলেট নগরের সুরমা নদীর ওপর এ সেতু উদ্বোধনের আগে ও পরে দুই মাস ধরে সৌন্দর্যপিপাসু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শনার্থীদের ভিড়ে সেখানে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদেরও পোয়াবারো। সেতুর ওপরই নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন তাঁরা। সবচেয়ে বেশি ফুচকা, চটপটি, ঝালমুড়ি আর চানাচুরের দোকান।
শনিবার সন্ধ্যায় স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে সেতুতে বেড়াতে আসেন মাজহারুল ইসলাম। নগরের বাগবাড়ি এলাকার এই বাসিন্দা বলেন, ‘সেতুটি দেখতে সত্যিই অসাধারণ। সন্ধ্যার পর সোডিয়াম বাতি জ্বলার পর রাতের আকাশ অন্য রকম মনে হয়। নদীর পাড়ে বিশুদ্ধ বাতাস টানতেই পরিবার নিয়ে এখানে এসেছি।’
কথা হয় কয়েকজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা সবাই প্রায় অভিন্ন কণ্ঠে জানান, তাঁরা এখন প্রায়ই সেতুতে আড্ডা দেন। এখানে না এলে তাঁদের আড্ডা যেন পূর্ণতা পায় না।
শেখঘাট এলাকার গৃহিণী আসমা বেগম বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে এলাম। এর আগেও একদিন এসেছিলাম। নদী, প্রাকৃতিক বাতাস, এত মানুষ—সব মিলিয়ে অন্য রকম পরিবেশ, যেন অচেনা কোনো স্থান।’
আনন্দের মধ্যেও রাতের আঁধারে নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন নগরবাসী। সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ চলে গেলে সেতু এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা উচিত।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, অনেকে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সেতুতে অবস্থান করছে। এটি বিবেচনায় নিয়ে পুলিশ প্রশাসন সে এলাকায় টহল বাড়িয়ে দিয়েছে। এমনকি সেতুর স্থানে পৃথক একটি টহল দলও থাকে। তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুযোগ নেই।
৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। চার লেনের এ সেতুর দৈর্ঘ্য ৩৯১ মিটার ও প্রস্থ প্রায় ১৯ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১২৪ কোটি টাকা।