রাতে টাকা বিতরণের অভিযোগে সিলেটে কাউন্সিলর প্রার্থী আটক
সিলেটে গতকাল শুক্রবার রাতে টাকা বিতরণের অভিযোগে সিটি করপোরেশন নির্বাচনের একজন কাউন্সিলর পদপ্রার্থীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এই প্রার্থী হলেন ২৫ নম্বর ওয়ার্ডের তৌফিক আহমদ চৌধুরী।
পুলিশ জানায়, তৌফিক আহমদ চৌধুরী দুজন কর্মী নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। রাত ১১টার দিকে ২৫ নম্বর ওয়ার্ডের উপশহর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছে ১৬ হাজার টাকা পাওয়া গেছে।
এর আগে রাত আটটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ৫ নম্বর ওয়ার্ডের মণিপুরিপাড়া থেকে ১০ হাজার টাকাসহ জামাল আহমদ নামের এক যুবককে আটক করে। তিনি স্থানীয় একজন কাউন্সিলরের পক্ষে টাকা নিয়ে বের হয়েছিলেন বলে ডিবি পুলিশ জানিয়েছে।
রাত ১২টায় যোগাযোগ করলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সরকার ওমর ফারুক প্রথম আলোকে জানান, চারজনকে আটক করে নির্বাচন কমিশনের একটি দলকে অবহিত করা হয়েছে।