রাতে ঠান্ডা আর দিনে গরমে নানা রোগের প্রকো রায়গঞ্জে
মাঘের শেষ দিকে এসে ঠান্ডা-গরম আবহাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। এদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরাই বেশি।
গত সোমবার সকালে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের তিনজন পল্লি চিকিৎসকের দোকানে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় ৫০ জন শিশু নানা রোগ নিয়ে চিকিৎসার জন্য এসেছে। নিয়ে আসা এসব শিশুর অন্তত ১০ জন মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ করেই দিনের তাপমাত্রা বেড়েছে। কিন্তু রাতে আগের মতোই শীত পড়ে। দিনে এক রকম, রাতে আরেক রকম তাপমাত্রার কারণে শিশুরা শ্বাসকষ্ট, জ্বর-সর্দি, এমনকি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।
পল্লি চিকিৎসক মাহফুজুল হক বলেন, সারা দিনই ঠান্ডা ও ঠাণ্ডাজাতীয় বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নিয়ে আসছেন মা-বাবারা। দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে বছরের এ সময় নানা রোগের প্রকোপ দেখা দেয়।
একই দিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনই বহির্বিভাগে প্রায় ২০০ রোগী আসে। এদের মধ্যে বেশির ভাগই শিশু। অধিকাংশ শিশুই শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো রোগবালাই নিয়ে আসছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমীমুল এহসান তৌহিদ বলেন, ৩১ শয্যার হাসপাতালটিতে (সোমবার) ভর্তি আছে ২১ জন। এর মধ্যে চারজন শিশু শ্বাসকষ্ট ও চারজন ডায়রিয়ায় আক্রান্ত। শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার লক্ষ্মণ দেখা গেলেই হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।