রাতে তুলে নেওয়া হলো টিআরের চাল
৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও লালমনিরহাটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার প্রকল্পের (টিআর) প্রায় সাড়ে ৭০০ টন চাল ৩ জুলাই রাতে লালমনিরহাটের বিভিন্ন সরকারি খাদ্যগুদাম থেকে উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে জানা যায়, টিআর প্রকল্পে বরাদ্দ করা খাদ্যশস্য ৩০ জুনের মধ্যে উত্তোলনের নির্দেশ থাকলেও একাধিক চক্রের মাধ্যমে পেছনের তারিখ দিয়ে ৭২৭ টন চাল ৩ জুলাই রাতে গুদাম থেকে তুলে নেওয়া হয়। দুই মাস আগে জেলার পাঁচটি উপজেলায় দ্বিতীয় পর্যায় টিআর খাতে ৭২৭ দশমিক ৯১৭৩ টন চাল বরাদ্দ আসে।এসবের মধ্যে শুধু লালমনিরহাট পৌরসভায় ৩৩ দশমিক ৫৯ টনের বিপরীতে ২৮টি প্রকল্প দাখিল করা হয়। গত ১২ জুন জেলা কমিটির সভায় তা অনুমোদন করা হলেও অন্যান্য উপজেলায় প্রকল্প দাখিলে বিলম্ব করতে থাকে। এমনকি ৩০ জুনেও প্রকল্প দাখিল, অনুমোদন, বরাদ্দ আদেশ ও বিভিন্ন প্রকল্পের নামে ডিও ইস্যু করা হয়। এসব প্রকল্পের বিপরীতে ৩ জুলাই রাতে আগের তারিখ দেখিয়ে চাল তুলে নেওয়া হয়। অথচ নিয়মানুযায়ী ৩০ জুনের পর উল্লিখিত প্রকল্পগুলোর বিপরীতে গুদাম থেকে চাল সরবরাহের কোনো নিয়ম নেই।জেলা ত্রাণ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ৩০ জুন রাতে শেষ মুহূর্তে কালীগঞ্জ উপজেলার প্রকল্প দাখিল, অনুমোদন, বরাদ্দ আদেশ ও ডিও ইস্যু হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য চারটি উপজেলার ক্ষেত্রে ২৬ জুন থেকে ২৯ জুনের মধ্যে প্রকল্প দাখিল, অনুমোদন, বরাদ্দ আদেশ ও ডিও ইস্যু হয়েছে। তিনি এসব ক্ষেত্রে তড়িঘড়ি হওয়ার কথা স্বীকার করলেও অনিয়ম-দুর্নীতির বিষয়ে কিছু বলতে চাননি। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হকও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।