রাতে দখল সকালে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের খাস জায়গা অবৈধভাবে দখল করে সেখানে রোববার রাতে বণিক সমিতি কার্যালয় নির্মাণ করেছিল। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন কার্যালয়টি ভেঙে দিয়ে জায়গাটি দখলমুক্ত করে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলা বণিক সমিতি রোববার রাতে জায়গাটি দখল করে কার্যালয় নির্মাণের পর উল্লাপাড়া পৌরসভার মেয়র বেলাল হোসেন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরদিন বেলা নয়টার দিকে সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশের সহযোগিতায় কার্যালয়টি ভেঙে দিয়ে জায়গাটি মুক্ত করেন। এ সময় ঘরের টিন, কাঠ ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।উল্লাপাড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদু্জ্জামান জানান, তাঁরা জায়গা না পেয়ে উল্লিখিত সরকারি জায়গায় তাঁদের সমিতির জন্য ঘর তুলেছিলেন। জায়গাটি তাঁরা ইজারা নেওয়ার পক্রিয়াও শুরু করেছিলেন। কিন্তু সকালে প্রশাসনের পক্ষ থেকে ঘরটি ভেঙে দেওয়ায় তাঁদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেছে।উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, তাঁরা আজ সোমবার সকালে পৌরসভার পক্ষ থেকে অবৈধভাবে খাস জমি দখলের খবর পেয়ে পুলিশের সহযোগিতায় বণিক সমিতির নবনির্মিত কার্যালয়টি ভেঙে দিয়ে জায়গা দখলমুক্ত করেছেন। এ ব্যাপারে বণিক সমিতির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।উল্লাপাড়া পৌরসভার মেয়র বেলাল হোসেন জানান, ‘আমরা পৌরসভার অন্তর্ভুক্ত সরকারি খাস জায়গা অবৈধ দখলের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।’