রাতে দ্বিগুণ যাত্রী তুলবে লঞ্চগুলো

রাতে লঞ্চের যাত্রী ধারণক্ষমতা কৌশলে দ্বিগুণ বাড়িয়ে নিলেন লঞ্চমালিকেরা। নিয়ম হচ্ছে, দিনের তুলনায় রাতে যাত্রীসংখ্যা কম থাকবে। এখন রাত-দিন সমান যাত্রী বহনের সিদ্ধান্ত হয়েছে।
লঞ্চমালিকেরা নৌমন্ত্রীর কাছে দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর মালিকদের এক বৈঠক থেকে আবারও এ দাবি উত্থাপন করা হয়। অবশেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সমুদ্র পরিবহন অধিদপ্তর মালিকদের দাবি মেনে নিয়ে ঈদের ১০ দিন আগে গতকাল বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে। তবে বিধিমালায় কোনো পরিবর্তন আনা হয়নি।
বর্তমান নৌ বিধিমালা অনুযায়ী, লঞ্চে প্রত্যেক যাত্রীর জন্য দিনের বেলা জায়গা বরাদ্দ ৬ বর্গফুট এবং রাতে ১২ বর্গফুট। যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার কথা বিবেচনা করে এই বিধিমালা করা হয়েছিল। বিধিমালা অনুযায়ী, দিন, রাত ও সন্ধ্যা বিবেচনায় যাত্রী ধারণক্ষমতা নির্ধারণ করার কথা। এ ছাড়া সার্ভে সনদেও রাত-দিন বিবেচনায় ডেক ও কেবিনের যাত্রীবহন ক্ষমতার কথা উল্লেখ রয়েছে।
নতুন পরিপত্রে বলা হয়েছে, যাত্রীবাহী নৌযানের সার্ভে সনদে দিনের বেলা যে যাত্রীসংখ্যা উল্লেখ করা হয়েছে, সেটাই নৌযানের সর্বোচ্চ ধারণক্ষমতা বলে বিবেচিত হবে। আর যেসব নৌযানের সার্ভে সনদে যাত্রীসংখ্যা উল্লেখ নেই, সেগুলোর ক্ষেত্রে সার্ভেয়ারের মাধ্যমে দিনের বেলার যাত্রীসংখ্যা নির্ধারণ করতে হবে।
অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, সারা দেশে ৫৮৬টি লঞ্চ চলে। এর মধ্যে প্রায় অর্ধেকই চলে রাতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাতেই বেশি দুর্ঘটনা হয়। দূরবর্তী পথ হওয়ায় যাত্রীরা রাতে বিশ্রাম করে। সে কারণেও রাতে বেশি জায়গা বরাদ্দ ছিল। এখন রাত-দিন সমান হলে যাত্রীদের ঝুঁকি বেড়ে যাবে, নিরাপত্তাও বিঘ্নিত হবে এবং যাত্রীদের সুযোগ-সুবিধাও কমে যাবে।
জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, আইনকানুন ও লঞ্চের ধারণক্ষমতা বিবেচনায় যাত্রী ধারণক্ষমতা নির্ধারণ করা হবে। এখন থেকে দিনে যত যাত্রী নেওয়া যাবে, রাতেও তত যাত্রী নেওয়া যাবে। রাতে শুয়ে না গেলে কী হয়?
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, লঞ্চমালিকদের খরচ পোষায় না বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মনে করেন, ধারণক্ষমতা বাড়ানোর কারণে যাত্রীদের ঝুঁকি বাড়ল, নিরাপত্তা কমল। এখন ঈদের আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময়ও মালিকেরা রাতের বেলায় লঞ্চে ইচ্ছেমতো যাত্রী তুলবেন। এতে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাবে।