রাতে নদীতে নামেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং বরিশালের নদীগুলোয় ইলিশ ধরছেন জেলেরা। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জাল ও ইলিশ জব্দসহ জেল-জরিমানা আদায় করলেও ইলিশ ধরা বন্ধ হচ্ছে না।পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী, কলাপাড়ার লতাচাপলী, আন্ধারমানিক নদীর মোহনা, দশমিনার বুড়াগৌরাঙ্গ, গলাচিপার আগুনমুখা, কাজল নদসহ বেশ কিছু স্থানে জেলেরা ইলিশ ধরছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভয়ে জেলেরা এখন বেশির ভাগ সময় রাতে ইলিশ শিকার করছেন।পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প পুনর্বাসনের কোনো প্রকল্প তাঁদের নেই। অভিযানের পরও কেন ইলিশ ধরা বন্ধ হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জেলায় ইলিশ শিকারির সংখ্যা ৩৬ হাজার এবং ইলিশের প্রজননকেন্দ্র রয়েছে সাগর মোহনাসহ প্রায় আড়াই হাজার বর্গকিলোমিটার এলাকা। এর মধ্যে এক বর্গকিলোমিটার নদীতে অভিযান চালাতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় পেরিয়ে যায়। প্রতিদিন অভিযান চলছে। এর ফলে দিনের বেলা জেলেদের এখন আর নদীতে জাল ফেলতে দেখা যাচ্ছে না। তবে রাতে হয়তো কিছু জেলে গোপনে ইলিশ শিকার করতে পারেন।গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত সরেজমিনে ভোলার ভেদুরিয়া ও বরিশালের লাহারহাটের কালাবদর, তেঁতুলিয়া ও কারখানা—এ তিনটি নদীতে অনেক জেলেকে ইলিশ ধরতে দেখা গেছে। কোস্টগার্ডের অভিযোগ, এলাকা বড় এবং জনবল কম থাকায় এক অঞ্চলে অভিযান চালালে অন্য অঞ্চলের জেলেরা চুরি করে মাছ শিকারে নামেন।লাহারহাটের ব্যবসায়ী ইয়াকুব আলী জানান, প্রতিদিনই এখানে মাছ বিক্রি হয়। সরকারের নিষেধ শুনছে না কেউ। দুর্গাপাশা ইউনিয়নের রমজান আলী খান জানান, প্রতিদিন কারখানা নদীতে জেলেরা মাছ শিকার করেন। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানে কোনো অভিযান চালানো হয় না।লাহারহাট এলাকার এক জেলে বলেন, ‘মাছ ধরুম না, খামু কী! আগের বছর সরকার আমাগো চাউল, ডাইল দেছেল। এ বছর হ্যাও দেয় নাই।’বরিশাল কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. খোসবর আলী বলেন, ‘গতকালও বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল ও বরফ জব্দ করা হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমরা একদিকে যাই, জেলেরা অন্যদিকে মাছ শিকারে নামেন।’জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, অভিযানের ফলে ইলিশ ধরার প্রবণতা আগের চেয়ে অনেক কমেছে।