রাজধানীর নিউমার্কেট মোড়ে গতকাল বুধবার রাতে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে শাহাদত হোসেন (২৮) নামের এক বাসযাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর কিছুক্ষণ আগে ঢাকা কলেজ শাখার ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের রেশ ধরে বাসে অগ্নিসংযোগ করা হতে পারে।ঢাকা কলেজ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ফুয়াদ হাসানকে সভাপতি করে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কিন্তু ফুয়াদের প্রতিপক্ষ, ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার অনুসারীরা তা মেনে নিতে পারেননি। গতকাল রাত নয়টার দিকে নতুন সভাপতি ফুয়াদ তাঁর সমর্থকদের নিয়ে ঢাকা কলেজের ছাত্রাবাসে ঢুকতে যান। এ সময় ওই নেতার অনুসারীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে তাঁরা ঢাকা কলেজের সামনের সড়কে নেমে কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি বাস নিউমার্কেট মোড়ে এসে পৌঁছালে তিন যুবক বাসটিতে আগুন দেন। এই যুবকেরা যাত্রীবেশে গাড়িতে উঠেছিলেন বলে জানা যায়। এ সময় শাহাদত হোসেন নামের একটি যাত্রী অগ্নিদগ্ধ হলেও বাকিরা দ্রুত নেমে যায়। আগুনে শাহাদতের শরীরের একাধিক স্থান পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে ঘটনাস্থলে উপস্থিত উপকমিশনার নুরুল ইসলাম বলেন, পুলিশ ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান শুরু করেছে।