রাতে নিখোঁজ সকালে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার খাগাটি গ্রামে আওরঙ্গজেব ওরফে সম্রাট নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। আওরঙ্গজেব (১৭) ত্রিশাল কারিগরি ও বাণিজ্যিক কলেজের ছাত্র। এ বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার খাগাটি গ্রামের বাড়ি থেকে গত সোমবার রাতে আওরঙ্গজেব বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের খড়ের স্তূপের মধ্যে তার লাশ দেখতে পায় লোকজন। পরে তার পরিবার লাশ উদ্ধারের পর তড়িঘড়ি করে দাফন করে। তবে পুলিশ ঘটনার কিছুই জানে না। আওরঙ্গজেবের বাবা অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক রফিকুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, ‘ঘটনার রাতে পড়াশোনা শেষে ঘর থেকে বের হয় আওরঙ্গজেব।’ তাঁর ধারণা, আওরঙ্গজেবকে হত্যা করা হয়েছে। তড়িঘড়ি করে ছেলের লাশ দাফন প্রসঙ্গে রফিকুল বলেন, ‘গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পরামর্শে মামলা না করেই আমি লাশ দাফন করেছি।’ তিনি আরও জানান, আওরঙ্গ ছাত্রদলের কর্মী ছিল। তার মরদেহে কোনো দাগ না থাকলেও কাদা লেগে ছিল।মঠবাড়ী ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, ‘আওরঙ্গের মৃত্যুর বিষয়ে আমি কিছুই জানি না। কেউ আমাকে জানায়নি।’ ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) জমির উদ্দিন গতকাল জানান, এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।