রাতে নির্বাচনী মামলার রায় ঘোষণা
কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে গত রোববার রাতে আদালত বসিয়ে নাটোরের একটি নির্বাচনী মামলার রায় ঘোষণা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ৮ জুন অনুষ্ঠিত নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপিসমর্থিত প্রার্থী হাফিজুর রহমানকে (তালা) ৬৫ ভোটের ব্যবধানে চেয়ারম্যান ঘোষণা করা হয়।আওয়ামী লীগসমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কুদ্দুস ফলাফল জালিয়াতির অভিযোগে নির্বাচনী গেজেট প্রকাশের পরপরই নাটোরের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। শুনানির পর রোববার আদালত ওই নির্বাচনের ব্যালট পেপার পুনরায় গণনার দিন ধার্য করেন। পুনরায় ভোট গণনায় কী ফলাফল দাঁড়ায়, তা দেখার জন্য উভয় প্রার্থী প্রায় চার হাজার সমর্থক নিয়ে রোববার সকালে নাটোর জজ আদালতের সামনে অবস্থান নেন। সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় আদালত চত্বরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।পরে উভয় প্রার্থী এবং তাঁদের নিয়োজিত আইনজীবী ও ট্রাইব্যুনালের বিচারকদের উপস্থিতিতে জজ আদালতের সমেঞ্চলনকক্ষে ভোট গণনা শুরু হয়। রাত ১০টা পর্যন্ত চলে ভোট গণনা। রাত সাড়ে ১০টায় নাটোর জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক সুলতান মাহমুদ জনাকীর্ণ আদালতে হাফিজুর রহমানকে পুনরায় বিজয়ী ঘোষণা করেন।জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিজয়ী চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘পুনর্গণনায় আমার কিছু ভোট কমে গেলেও শেষ পর্যন্ত বিজয় অক্ষুণ্ন থাকায় আমি ভীষণ খুশি।’ মামলার বাদী নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কুদ্দুস বলেন, ভোট গণনায় যে জালিয়াতি হয়েছিল, তা এই মামলার রায়ে প্রমাণিত হয়েছে।মামলার বিবাদী পক্ষের আইনজীবী মোশারফ হোসেন জানান, নিরপেক্ষতার স্বার্থে আদালত ভোট গণনার পরপরই আদালত বসিয়ে রায় ঘোষণা করেছেন।