রাতে নৌপথে ঝুঁকি কমিয়েছে সৌরবাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী জেটিতে স্থাপন করা সৌরবাতি l ছবি: প্রথম আলো
মহেশখালী জেটিতে স্থাপন করা সৌরবাতি l ছবি: প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী জেটিতে সৌরবাতি স্থাপন করায় রাতে মহেশখালী-কক্সবাজার নৌপথে চলাচল এখন অনেকটাই ঝুঁকিমুক্ত হয়েছে। এর সুবিধা পাচ্ছে জেলে নৌকাগুলোও। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুই মাস আগে জেটিতে সৌরবাতি স্থাপন করা হয়।
মহেশখালী জেটিঘাটের স্পিডবোটচালক সিরাজুল হক ও মো. জসিম উদ্দিন বলেন, আগে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাতে যাত্রী পারাপার করতে হতো। এখন জেটিতে সৌরবাতি স্থাপন করার পর রাতে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে মহেশখালী আসতে সহজ হচ্ছে।
নৌযানের চালক ও জেলেরা জানান, রাতে কক্সবাজার থেকে মহেশখালী আসার পথে অন্ধকারে জেটি শনাক্ত করতে না পেরে অনেক সময় বোট নিয়ে চালকেরা সোনাদিয়া ও চৌফলদণ্ডী চলে যেত। জেটিতে সৌরবাতি স্থাপনের পর এখন রাতেও বোট নিয়ে যাত্রীরা কক্সবাজার যেতে পারছে।
মহেশখালী পৌর এলাকার সিকদারপাড়ার জেলে রবি আলম ও আমান উল্লাহ জানান, সৌরবাতি স্থাপনের পর কূলে ফিরতে আর সমস্যায় পড়তে হয় না।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম বলেন, ২০১৪-১৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় জনগণের যাতায়াতের সুবিধার্থে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে মহেশখালী জেটিতে সৌরবাতি স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এই সৌরবাতির আলো পাঁচ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। আর বাতির চারপাশের ৫০০ মিটার এলাকা আলোকিত হয়।