রাতে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীতে রাতে বালুবাহী বাল্কহেড ও পণ্যবাহী নৌযান চলাচল বন্ধের দাবি জানিয়েছে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এ ছাড়া নদীপথে চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবি এবং শীতলক্ষ্যা-বুড়িগঙ্গার তীরে বিভিন্ন সিমেন্ট কারখানাসহ বিভিন্ন কারখানার সামনে নদীর মাঝখানে জাহাজ রেখে নদীপথ সংকীর্ণ করার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে গতকাল রোববার সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অহিদুর রহমান, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়েছে, রাতের বেলায় নৌযান চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলেও শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে নৌসংশ্লিষ্ট কিছু লোকের যোগসাজশে চলছে। এতে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অথচ শ্রমিক কর্মচারীদের একতরফা দায়ী করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ঢাকা সদরঘাট থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের যাত্রীবাহী লঞ্চের সঙ্গে এমভি সিয়াম প্রভাব নামের বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। বাল্কহেডটি ডুবে গেলেও অল্পের জন্য লঞ্চটির প্রায় ৮০০ যাত্রী রক্ষা পায়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে মেঘনা নদীতে ও রূপগঞ্জ থানার তারাবো সুলতানা কামাল ও কাঞ্চন ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএর ইজারার নামে কিছু অসাধু নৌ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নৌযান থেকে ব্যাপক চাঁদাবাজি চলছে। এ ছাড়া ধলেশ্বরী মেঘনা নদীর মোহনায় চরকিশোরগঞ্জ এলাকাতেও একটি সংঘবদ্ধ চক্র বালুমহাল ইজারার নামে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে।