রাতে পথ দেখায় সৌরবিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে নয় কিলোমিটার পাকা গ্রামীণ সড়কে ৪৫টি বাঁক। ট্রাক, ট্রাক্টর, টেম্পোসহ ছোটখাটো যানবাহন চলাচল করে এ সড়কে। রাতের আঁধারে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এখন সে অবস্থার উন্নতি ঘটেছে। বাঁকে বাঁকে বসেছে বিদ্যুতের খুঁটি। যানবাহন ও পথচারীদের পথ দেখাচ্ছে সৌরবিদ্যুতের আলো।জানা গেছে, পাবনার চাটমোহর সদরের বাসস্ট্যান্ড থেকে বড়াইগ্রাম উপজেলার জোনাইলবাজার পর্যন্ত সড়কে ৮০টি বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। যানবাহনচালকদের সুবিধার্থে খুঁটিতে দেওয়া হয়েছে পথনির্দেশক চিহ্ন। বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ‘আধুনিক সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ’ নামের প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে।চাটমোহর পৌর শহরের কাপড় ব্যবসায়ী উত্তম কুণ্ডু বলেন, ‘জোনাইল হাট থ্যাকে ফিরার সুময় কত দিন গাড়ি উল্টে পড়ে গেছি। এ রাস্তাডায় খালি মোড়। এখন ভালোই হইছে।’ হরিপুরের সোন্দভা গ্রামের ভ্যানচালক রোস্তম আলী বলেন, ‘রাতির ঘুটঘুটে আঁধারে আমি জোনাইলহাটের মাল টানি। আগে খালি উল্টান খাইছি। এই বাতিগুলা দিয়ে একখান কামের কাম করিছে।’ হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, সড়কটি ছিল দুর্ঘটনাপ্রবণ। মোড় খুব বেশি। রাতে প্রায়ই দুর্ঘটনায় পড়ত যানবাহন। এখন আর হয় না।এলজিইডির উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালের নভেম্বর মাসে সৌরবিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হয়। আগামী জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৬৯ লাখ ১২ হাজার ৯৪৫ টাকা। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ শেষে হয়েছে।এলজিইডির উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে সড়কনির্দেশক, রোড মার্কিং, যাত্রীছাউনি, চাটমোহর ও হরিপুর মোড়ে দুটি ট্রাফিকিং, গোল চত্বরসহ অন্যান্য কাজ করা হয়েছে। তিনি আরও জানান, সড়কের ৮০টি স্থানে খুঁটি বসিয়ে পৃথক সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার সম্পর্কে গ্রামের মানুষের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এটি করা হয়েছে। দেশের ২৫ শতাংশ গ্রামীণ সড়কে এটা করা হচ্ছে।