রাতে পাইকারদের কাছে পাচার হচ্ছে জাটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জাটকা ধরা হচ্ছে। ছবিটি ১৪ ফেব্রুয়ারি ভেদরগঞ্জ উপজেলার দুলারচর এলাকা থেকে তোলা l প্রথম আলো
নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জাটকা ধরা হচ্ছে। ছবিটি ১৪ ফেব্রুয়ারি ভেদরগঞ্জ উপজেলার দুলারচর এলাকা থেকে তোলা l প্রথম আলো

শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে জাটকা আহরণ ও বিক্রি। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, বিপণন, পরিবহন ও মজুত নিষিদ্ধ হলেও মানছে না অনেকেই। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে নিষেধাজ্ঞা উপেক্ষাকারীর শাস্তির বিধানও রয়েছে।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২৫ সেন্টিমিটার অথবা ৯ ইঞ্চির ছোট ইলিশ জাটকা হিসেবে পরিচিত। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা আহরণ ও বিপণন নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫ ধারায় এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান আছে।
জাজিরা উপজেলার পালেরচর থেকে গোসাইরহাটের কোদালপুর পর্যন্ত পদ্মা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা অবাধে জাটকা শিকার করছেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, জাজিরা উপজেলার পালেরচর ও কাজীরহাট, ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ও তারাবুনিয়া, গোসাইরহাট উপজেলার কোদালপুর, পট্টি, ঠান্ডার বাজার ও হাটুরিয়া এলাকা থেকে জাটকা বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। রাতের আঁধারে আড়তের মালিকেরা ট্রলার, ট্রাক ও পিকআপে করে জাটকা পাইকারদের কাছে পৌঁছে দেন। পাইকারেরা বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের কাছে তা সরবরাহ করেন। খুচরা বিক্রেতারা জাটকা বিভিন্ন বাজারে, শহরের বিভিন্ন মহল্লায় এবং গ্রামে বিক্রি করেন।
নদীতে জোয়ার শুরু হলে জেলেরা জাল ফেলেন। ২৪ ঘণ্টায় দুবার নদীতে জোয়ার আসে। দিনে দুবার তিন ঘণ্টা করে ছয় ঘণ্টা নদীতে মাছ ধরা হয়। তখনই জেলেদের জালে জাটকা ধরা পড়ে। ওই জাটকা ভোর রাতের দিকে জেলেরা নদীর পাড়ের বাজারগুলোতে এনে আড়ত-মালিকদের কাছে বিক্রি করেন।
শরীয়তপুরে ১৮ হাজার জেলে রয়েছেন। তাঁদের মধ্যে ১৬ হাজার জেলেকে জাটকা মৌসুমে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়া হয় প্রত্যেক জেলের পরিবারকে।
ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, পুলিশ, র্যা ব ও জেলা প্রশাসন শরীয়তপুরে ৮৩টি অভিযান ও ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। জাটকা শিকার ও বিক্রির অভিযোগে ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৭৫ জেলেকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ ফেব্রুয়ারি নড়িয়া উপজেলার সুরেশ্বর থেকে ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া পর্যন্ত ট্রলারযোগে পদ্মা নদীতে গিয়ে দেখা যায়, জেলেরা কারেন্ট জাল ও ইলিশ মাছ ধরার জাল দিয়ে মাছ শিকার করছেন। যার অধিকাংশই জাটকা।
বিকেল সাড়ে চারটার দিকে দুলারচর এলাকায় জেলে ইউনূছ আলী তাঁর পাঁচজন সহযোগীকে নিয়ে নদীতে ফেলা জাল নৌকায় তুলেছেন। তাঁদের জালে তখন ৩০ কেজি জাটকা উঠেছে। জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা আছে, কেন জাটকা ধরছেন, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। অন্য পেশার সঙ্গে খাপ খাওয়াতে পারছি না। তাই জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে হয়। মাঝে মাঝে বড় মাছের সঙ্গে জাটকা ধরা পড়ছে। শিকার করা মাছের অর্ধেক দিতে হয় নৌকা ও জালের মালিক-মহাজনকে। জাটকা ধরার জন্য তাঁদেরও চাপ থাকে।’
নৌকা ও জালের মালিক আলম দেওয়ান বলেন, ‘জেলেরা দরিদ্র হওয়ায় আমাদের সহায়তা নিয়ে জাল ও নৌকা নেয়। তাই আমাদের কিছু ভাগ দেয়। আমরা কখনো জাটকা ধরার জন্য উৎসাহ দিই না। জেলেরা নিজ দায়িত্বে জাটকা শিকার করেন।’
জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, জাটকা শিকার ও বিক্রি বন্ধে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান চালায়। লোকবল-সংকটের কারণে সব সময় নদীতে টহল দেওয়া সম্ভব হচ্ছে না। এ সুযোগে কিছু জেলে জাটকা শিকার করছেন।
জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘ইলিশ রক্ষার জন্য জেলা প্রশাসন নদীতে ও বাজারে অভিযান চালাচ্ছে। গত দুই বছরে শরীয়তপুরে ইলিশের উৎপাদন কয়েক গুণ বেড়েছে। এ বছরও এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোনো জেলে যাতে আর জাটকা শিকার না করতে পারেন, তা নিশ্চিত করা হবে।’