সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে গতকাল সোমবার রাতে প্রায় পৌনে এক ঘণ্টা বিদ্যুৎহীন ছিল চট্টগ্রাম। গত রাত ৭টা ৫৯ মিনিট থেকে ৮টা ৪২ মিনিট পর্যন্ত হঠাৎ অন্ধকারে ডুবে যায় চট্টগ্রাম নগর ও জেলা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ চট্টগ্রামে জোনের তত্ত্বাবধায়ক পি কে দাস জানান, পৌনে এক ঘণ্টার বিপর্যয়ের পর রাত ৮টা ৪৩ মিনিট থেকে চট্টগ্রাম নগর ও জেলার পরিস্থিতি স্বাভাবিক হয়।
সন্ধ্যার পর পরই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নগরবাসীকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়। বাকলিয়া এলাকার গৃহবধূ কামরুন নাহার মুঠোফোনে প্রথম আলোকে জানান, রাতে হঠাৎ করে পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায়। চারদিকে অন্ধকার নেমে আসে। গরমের কারণে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গতকাল রাতে হাটহাজারী ১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে একটি ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এ কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রামে নগর ও জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ খান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে রওনা দিই। তবে আমরা পৌঁছার আগেই স্টেশনের লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’