বরিশাল শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল দুবার ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। প্রথম ২৮ জুন রাতে প্রকাশ করলেও পরদিন ফলাফল বাতিল করে বিকেলে পুনরায় ড় ১-১প্রকাশ করে বোর্ড। রাতে ওয়েবসাইটে দেওয়া ফলাফল পরদিন সকালে পরিবর্তন হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা ভেঙে পড়েছে। এতে অভিভাবক ও শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী বৃত্তি থেকে বঞ্চিত হয়েছে এবং কেউ কেউ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে বলে প্রথম ফলাফল প্রকাশের পর ২৮ জুন রাত ১২টায় অনেক অভিভাবক বোর্ডের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড ২৯ জুন ওয়েবসাইট থেকে ফলাফল প্রত্যাহার করে এবং বিকেলে সংশোধিত ফল প্রকাশ করে। প্রথম প্রকাশিত ফলাফলে অনেক শিক্ষার্থী মেধা বৃত্তি পেলেও সংশোধিত তালিকায় তাদের নাম বাদ পড়ে। বরিশাল শিক্ষা বোর্ডের দাবি, মেধাতালিকা অনুযায়ী ফল প্রকাশ করা হয়েছে। তবে প্রথম ফলাফলে টেকনিক্যাল ত্রুটি থাকায় তা বাতিল করে পরে ওই ফলাফল প্রকাশ করা হয়। প্রথমবার ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তাজরী জাহানের মা সৈয়দা তানিয়া শারমিন বলেন, ‘বোর্ড থেকে ফলাফল ঘোষণায় আমার মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, যার ক্রমিক নং-২০৬ এবং কোড-২০৩৩৩৬। ফলাফল প্রকাশের পর আত্মীয়স্বজন সবাইকে জানানো হয়েছে। পরদিন দুপুরে জানতে পারি, ওই ফলাফল বাতিল হয়েছে এবং তালিকায় আমার মেয়ের নামই নেই। এ সংবাদ শুনে আমার মেয়েসহ আমরা মানসিকভাবে ভেঙে পড়ি।’ বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাল বলেন, ‘আমার প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী প্রথম ঘোষণায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ফলাফল স্থগিত করে পুনরায় ঘোষণা করার পর তাদের নাম বৃত্তিপ্রাপ্তদের তালিকায় আসেনি। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা আমার কাছে অভিযোগ করেছে।’বোর্ডের সচিব মো. আ. মোতালেব হাওলাদার বলেন, কম্পিউটার সেকশনে কিছু ত্রুটি হওয়ায় গত ২৮ জুন প্রকাশিত ফলাফল বাতিল করা হয়েছে। পরে ফলাফল ঠিক করে ২৯ তারিখ পুনরায় তা ওয়েবসাইটে দেওয়া হয়। তাতে কিছু পরিবর্তন হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, প্রথম ফলাফলের পর দ্বিতীয়বারে যারা বাদ পড়েছে তাদের ভেতর হতাশা আসা স্বাভাবিক। মূলত শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।