রাতে ফোনে ফোনে দিনে পথে পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক বরাদ্দের পর পুরোদমে শুরু হয়ে গেছে পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোটের আর বাকি ১৪ দিন থাকলেও প্রচারের জন্য প্রার্থীদের হাতে সময় আছে ১২ দিন। তাই প্রার্থীদের চোখে ঘুম নেই। দিনে পথে পথে আর রাতে ফোনে ফোনে তাঁরা ভোট প্রার্থনা করে যাচ্ছেন।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদের লড়াইয়ে নেমেছেন তিনজন। এর মধ্যে আলোচিত আওয়ামী লীগের তৌহিদুর রহমান ও বিএনপির মতিয়ার রহমান। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম, ২৬ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত আসনে আটজন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সবাই নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচন উপলক্ষে শহরে বইছে ভোটের হাওয়া ও উৎসবের আমেজ। দলীয় নেতা-কর্মী আর সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ১৬ হাজার ১৯১ জন ভোটারের দ্বারে দ্বারে। গণসংযোগ শেষে প্রার্থীর বাড়িতে চলছে পরদিনের প্রস্তুতি বৈঠক। এরপর মুঠোফোনে ফোন করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
তিন-চারজন প্রার্থীর সমর্থকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থীরা এখন অনেক কষ্টে আছেন। সারা দিন দৌড়াদৌড়ি করে রাতে বাসায় গিয়ে আবার বৈঠক। এরপর ফোনে ফোনে তাঁর রাত কেটে যায়। ভোরের আগে বিছানায় গেলেও সকালেই আবার বের হয়ে পড়ছেন।
কাউন্সিলর প্রার্থী ছাইফুল ইসলাম নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। প্রথম আলোকে তিনি বলেন, ‘নির্বাচনে জয়লাভের জন্য আমি সম্পূর্ণ পরিকল্পনামাফিক অগ্রসর হচ্ছি। কোথাও কোনো ত্রুটি রাখিনি। আমি নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত। তবে এখন নির্বাচনের জন্য একটু বেশি খাটাখাটনি করতে হচ্ছে। ওয়ার্ডবাসীর কাছে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, আমি নিরাশ হব না।’