রাতে বাস ও যাত্রী দুটিই কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস পর রাতে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হলেও বাসের সংখ্যা ও যাত্রী দুটিই স্বাভাবিক সময়ের চেয়ে কম। স্বাভাবিক সময়ের চেয়ে ৪০ শতাংশ বাস কম চলছে। সবচেয়ে বেশি বাস চলছে চট্টগ্রাম, যশোর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের পথে। তবে উত্তরবঙ্গের পথে রাতে বাস চলাচল তুলনামূলকভাবে কম।
পরিবহন মালিক-শ্রমিকেরা এসব তথ্য জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, জ্বালাও-পোড়াও, পেট্রলবোমার আতঙ্ক এখনো যাত্রীদের মধ্যে রয়েছে। এ ছাড়া রাতে বাস চলাচলের বিষয়টি এখনো পুরোপুরি জানাজানি হয়নি। এ জন্যই যাত্রী কিছুটা কম হচ্ছে। যাত্রী কম থাকায় বাসও কম ছাড়া হচ্ছে।
গত শনিবার রাত ১০টার দিকে রাজধানীর গাবতলীতে আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেক পরিবহনের টিকিট কাউন্টার ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তখনো খোলা থাকা কাউন্টারগুলোতে যাত্রী কম। একজন যাত্রী এলেই পরিবহন শ্রমিকেরা তাঁকে ছেঁকে ধরছেন। বেশির ভাগ রাতের বাস বিকেল পাঁচটা থেকে রাত নয়টার মধ্যে গাবতলী ছেড়ে যাচ্ছে বলে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন।
অবরোধ-হরতালে রাতে নাশকতার কারণে ৯ ফেব্রুয়ারি থেকে সরকার মহাসড়কে রাত নয়টার পর বাস চলাচল বন্ধ করে দেয়। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর আবার রাতে মহাসড়কে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়। সেদিন রাত থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, স্বাভাবিক সময়ে রাতেই বাসে যাত্রী বেশি হয়।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার প্রথম আলোকে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে রাতে যাত্রী মোটামুটি পাওয়া যাচ্ছে। কিন্তু চট্টগ্রাম ও উত্তরবঙ্গের গন্তব্যে যাত্রী কম। এখন দিনে চলাচল প্রায় স্বাভাবিক। তবে রাতে স্বাভাবিক সক্ষমতার ৬০ শতাংশ বাস চলছে। যাত্রী বাড়লে চার-পাঁচ দিনের মধ্যে রাতেও বাস চলাচল স্বাভাবিক অবস্থায় চলে আসবে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে গাবতলীতে সোনারতরী পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায়, কোনো যাত্রী নেই। ওই পরিবহনের কর্মকর্তা মো. জুলহাস বলেন, বরিশালের পথে সাতটি এবং চুয়াডাঙ্গার দর্শনার পথে তাঁদের একটি বাস ছেড়ে গেছে। ৪০ আসনের প্রতিটি বাসে যাত্রী হয়েছে গড়ে ৩০ জন করে। স্বাভাবিক সময়ে এসব পথে ১০-১২টি বাস চলাচল করে।
ঈগল পরিবহনের বরিশাল পথের একটি বাসের গন্তব্যের উদ্দেশে গাবতলী ছাড়ার সময় ছিল শনিবার রাত ১১টা। সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়, বাসটিতে ১৮ জন যাত্রী হয়েছে। ঈগল পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যার পর দুটি বাস ২৭ ও ৩৪ জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। স্বাভাবিক সময়ে ওই পথে চলে সাতটি বাস। যাত্রীও পূর্ণ থাকত।
পদোন্নতির পরীক্ষা দিতে একটি বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা শুক্রবার একসঙ্গে চট্টগ্রাম থেকে দিনের বেলায় বাসে ঢাকায় আসেন। শনিবার পরীক্ষা দিয়ে রাতের বাসে আবার চট্টগ্রামে ফিরে যান। তাঁদের একজন কাজী নবীউল বলেন, রোববারই (গতকাল) কাজে যোগ দেওয়ার তাড়া ছিল। তাঁরা নিরাপদেই চট্টগ্রামে পৌঁছেছেন।
চট্টগ্রামে সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মোহাম্মদ আশরাফ বলেন, শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ঢাকা ও চট্টগ্রাম থেকে একটি করে চলেছে। গ্রিনলাইন পরিবহনের কর্মী মোহাম্মদ শোয়েব জানান, শনিবার রাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে তাঁদের কোম্পানির তিনটি করে বাস চলেছে। তবে বিলাসবহুল এসব বাসে যাত্রী কম। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, চট্টগ্রামের সঙ্গে ৮২টি পথে বাস চলে। দিনে স্বাভাবিক বাস চলছে। রাতেও চলছে, তবে যাত্রী কম। ফলে বাসও কম চলছে।
রংপুর শহর থেকে স্বাভাবিক সময়ে বিভিন্ন গন্তব্যে মোট ৩৫০টি বাস চলে। গতকাল চলেছে ২৫০টি। শনিবার রাতে এনা, হানিফ ও শ্যামলী পরিবহনের নৈশকোচও চলেছে।
শনিবার রাতে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঈগল, সাকুরা, হানিফ পরিবহনসহ কয়েকটি কোম্পানির ১০টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে। স্বাভাবিক সময়ে এর প্রতিটি কোম্পানিরই রাতে ৮-১০টি বাস চলে।
উত্তরবঙ্গে এখনো বাস কম: বগুড়ায় দিনে বাস চলাচল প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। তবে রাতে এখনো আতঙ্ক রয়ে গেছে। সরকার রাত নয়টার পর মহাসড়কে বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেও নামীদামি পরিবহন কোম্পানিগুলো বিকেল চারটার পর ঢাকামুখী বাস ছাড়ছে না। স্বাভাবিক সময়ে রাতে বগুড়া থেকে ঢাকাসহ দূরের গন্তব্যে ৬০-৭০টি বাস-কোচ চলে। বগুড়া থেকে রংপুর বিভাগের আট জেলা, জয়পুরহাট ও নওগাঁর পথে দৈনিক ৫০০ বাসের বেশি চলত স্বাভাবিক সময়ে। এখন রাতে এই সংখ্যা ৩০ থেকে ৪০-এ নেমে এসেছে।
টিআর ট্রাভেলসের পরিচালক আবদুল মান্নান বলেন, সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত বগুড়া থেকে তাঁদের ৮-১০টি বাস ঢাকা-চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। তবে বিকেল চারটার পর টার্মিনাল থেকে কোনো বাস ছাড়ছে না। কারণ, পেট্রলবোমা-আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। চাঁপাইনবাবগঞ্জে পুলিশি পাহারায় কিছু কিছু বাস চলছে।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন চট্টগ্রাম, রংপুর, বরিশাল, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)